রাজ্য

আন্দোলনের আবহেই বড় সিদ্ধান্ত! বাড়ছে পোশাক শ্রমিকদের বেতন, জানুয়ারি থেকেই মিলবে বাড়তি টাকা

দীর্ঘদিনের দাবি, বেতন বৃদ্ধির আন্দোলন এবং শ্রমিক অসন্তোষের মধ্যেই বড়সড় স্বস্তির খবর তৈরি পোশাক শিল্পের কর্মীদের জন্য। নতুন মজুরি কাঠামো কার্যকরের সময়সীমা নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের মধ্যে ঐকমত্য তৈরি হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকেই কার্যকর হতে চলেছে নতুন ন্যূনতম মজুরি কাঠামো। আর সেই অনুযায়ী বর্ধিত বেতন শ্রমিকদের হাতে পৌঁছবে জানুয়ারি মাসে।

বুধবার (৪ নভেম্বর) ঢাকার সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম বৈঠক বসে। বৈঠক শেষে শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার জানান, ডিসেম্বরের মধ্যেই মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পূর্ণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছে মালিকপক্ষও। ফলে ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর করার বিষয়ে দুই পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।

মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিনও জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে মজুরি নির্ধারণের কাজ শেষ করতে তাঁরা রাজি। সেই হিসেবে জানুয়ারি মাসে ডিসেম্বরের বেতন দেওয়ার সময়ই নতুন কাঠামো অনুযায়ী অতিরিক্ত টাকা পাবেন শ্রমিকরা।

বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী জানান, গত ১ নভেম্বর সরকার নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠন করে। তার পরেই প্রথম বৈঠকে বোর্ডের সদস্যদের পরিচিতি এবং মজুরি নির্ধারণের আইনি পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে দ্বিতীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষ নিজেদের প্রস্তাব জমা দিতে পারবেন।

উল্লেখ্য, তৈরি পোশাক শিল্পে সর্বশেষ ন্যূনতম মজুরি ঘোষণা হয়েছিল ২০২৩ সালের নভেম্বর মাসে। সেই কাঠামোর মেয়াদ চলতি নভেম্বরেই শেষ হচ্ছে। এর মধ্যেই বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে নতুন মজুরি বোর্ড গঠন করে সরকার। এবার দ্রুত মজুরি নির্ধারণের আশ্বাসে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে পোশাক শিল্পের শ্রমিকদের মধ্যে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.