৩০ ডিসেম্বর, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলা সফর। প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো প্রসঙ্গে যথারীতি কাড়াকাড়ি পড়ে গিয়েছে মুরলিধর সেন লেনে বিজেপির রাজ্য দফতরে। দিল্লির নির্দেশে তালিকা প্রস্তুতির জন্য গভীর রাতেই তাই বৈঠকে বসে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব।
প্রসঙ্গত, শুক্রবার সকাল ১০টায় দমদমের নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে থামছে প্রধানমন্ত্রীর বিমান। সেখান থেকে তিনি কপ্টারে চড়ে ১০.১৫ নাগাদ পৌঁছবেন আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে। এরপর গাড়ি চড়ে রওনা দেবেন হাওড়া স্টেশনের উদ্দেশে। সাড়ে ১০টায় হাওড়ায় শুরু হবে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠান।
প্রধানত রাজ্যের পঞ্চায়েত ভোটের পূর্বে দলকে আন্দোলনমুখী রাখাই আপাতত গেরুয়া দলের মূল লক্ষ্য। তবে ভোট কবে হবে তার কোনও দিনক্ষণ এখনও চূড়ান্ত না হলেও দলকে মূলত আন্দোলনমুখী রাখার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। এহেন আবহে অনেক আগে থেকেই সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি পঞ্চায়েত ভোটকে নজরে রেখে রাজনৈতিক কর্মসূচি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। ৩০ ডিসেম্বর প্রধানমন্ত্রীর উক্ত সফর প্রসঙ্গে প্রস্তুতির পাশাপাশি বৈঠকে আলোচনা হয় পঞ্চায়েত নিয়েও, এমনটাই সূত্রের খবর।







