জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে নিহত হয়েছেন দুই সেনা এবং এক পুলিস প্রধান। আবার, একই দিনে জি-২০ সম্মেলনের সাফল্য উদযাপনে মহা জামজমকের সঙ্গে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে স্বাগত জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। এই বৈপরীত্যকে প্রকাশ্যে রেখেই আজ কেন্দ্রের বিরুদ্ধে কটাক্ষ দাগে কংগ্রেস, তৃণমূল, আপ-এর মতো বিরোধী দলগুলি।
আবার উক্ত ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তানের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জেনারেল ভিকে সিং। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানান, ‘আমাদের এটা ভাবতে হবে। যতক্ষণ না পর্যন্ত আমরা পাকিস্তানকে আলাদা করতে না পারছি, বিচ্ছিন্ন করতে না পারছি (একঘরে করতে না পারছি) ততক্ষণ পর্যন্ত তারা ভাববে এটা খুব স্বাভাবিক ব্যাপার। তাদেরকে চাপে রাখার জন্য তাদেরকে আলাদা করতেই হবে। তাদের এটা জানতেই হবে যে যতক্ষণ না তুমি স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত কোনও কিছুই স্বাভাবিক হবে না।’
এখানেই শেষ নয়। তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন-এর মন্তব্য, ‘আমাদের শহিদদের জন্য এক মুহূর্তের নীরবতা নেই। অথচ প্রধানমন্ত্রী মোদীর জন্য গাঁদা ফুল রয়েছে। মোদীর হৃদয় পাথরে তৈরি।’ চড়ছে রাজনৈতিক পারদ।







