রাজ্য

নেপালের বিপর্যয় থেকে শিক্ষা, পাহাড়ের পরিস্থিতি খতিয়ে দেখতে উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী

প্রতিবেশী দেশ নেপালের সাম্প্রতিক ভয়াবহ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে উত্তরবঙ্গের পাহাড়ে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি শুরু করল রাজ্য প্রশাসন। আবহাওয়ার অবনতির আশঙ্কার মধ্যেই মঙ্গলবার উত্তরবঙ্গে ঝটিকা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে বসে পরিস্থিতির ওপর নজরদারির পরিবর্তে সরেজমিনে গিয়ে প্রশাসনিক প্রস্তুতি ও পরিস্থিতি খতিয়ে দেখতেই তাঁর এই আকস্মিক সফর বলে প্রশাসনিক সূত্রের খবর। দুর্যোগ আঘাত হানার আগেই পাহাড়ি এলাকায় সতর্কতা জোরদার করার পাশাপাশি উত্তরকন্যায় শীর্ষ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে আকাশপথে কালিম্পং যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে আবহাওয়া অনুকূল না থাকলে সড়কপথে যাওয়ার বিকল্প ব্যবস্থাও রাখা হয়েছে। কালিম্পং টাউন হলে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে পাহাড়বাসীর হাতে বিভিন্ন সামাজিক প্রকল্পের সুবিধা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। ওই কর্মসূচিতে তাঁর সঙ্গে থাকার কথা স্থানীয় সাংসদ রাজু বিস্তা এবং বিধায়ক ভরত ছেত্রী, সোনম লামা ও নোমান রাইয়ের।

কালিম্পংয়ের জেলাশাসক কুহুক ভূষণ জানিয়েছেন, টাউন হলের সরকারি কর্মসূচি শেষ হওয়ার পর স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে একটি সংক্ষিপ্ত বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

এরপর কালিম্পং থেকে সমতলে ফিরে শিলিগুড়ির উত্তরকন্যায় বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী। সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের শীর্ষকর্তা এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকদের নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড়ের ভৌগোলিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আশঙ্কা রয়েছে।

প্রশাসনিক সূত্রের খবর, উত্তরকন্যার বৈঠকে শুধু উন্নয়নমূলক কাজের পর্যালোচনা নয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় আগাম পরিকল্পনাকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। পাহাড়ের ধসপ্রবণ অঞ্চল, সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ নদীখাত এবং গুরুত্বপূর্ণ সড়কগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পাহাড়ি জনবসতিতে দুর্যোগের পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গেই যাতে দ্রুত সতর্কবার্তা পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থাও আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা হবে। মাঠপর্যায়ে প্রশাসনের প্রস্তুতি কতটা কার্যকর, তা সরাসরি পর্যালোচনা করতেই মুখ্যমন্ত্রীর এই সফর বলে মনে করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.