হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ অর্জুন বিজলানি সম্প্রতি এক ইঙ্গিতপূর্ণ ভিডিও শেয়ার করে ভক্তদের মধ্যে কৌতূহল জাগিয়ে তুলেছিলেন। ভিডিওতে তিনি জীবনের এক ‘কঠিন সিদ্ধান্ত’-এর কথা উল্লেখ করেন। ফলে জল্পনা শুরু হয়, তবে কি দাম্পত্য জীবনে ফাটল ধরছে? স্ত্রী নেহার সঙ্গে দীর্ঘ ১২ বছরের সম্পর্ক কি ভাঙনের পথে? নেটিজেনদের প্রশ্নে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়।
কিন্তু শেষমেশ জানা যায়, বিষয়টি সম্পূর্ণ একটি প্রচারকৌশল। আসলে নতুন রিয়েলিটি শোয়ের জন্যই এমন রহস্যময় ভিডিও তৈরি করেছিলেন অভিনেতা। অশ্বিনী গ্রোভারের নতুন শো ‘সাস বাহু সাযিশ’-এ দেখা যাবে অর্জুনকে। অনুষ্ঠানটি এমএক্স প্লেয়ারে স্ট্রিমিং হবে। অর্থাৎ আবেগঘন বার্তাটি ছিল শো-এর প্রচারণারই অংশ। ২১ আগস্ট শেয়ার করা ভিডিওতে অভিনেতা বলেন, জীবনে বড়ো কিছু ঘটলে তিনি সর্বদা ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবারও ব্যতিক্রম নয়। পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অর্জুন উল্লেখ করেন, তাঁর স্ত্রী ও সন্তানই তাঁর জীবনের সবচেয়ে বড়ো শক্তি। তবুও পরিস্থিতির কারণে তাঁকে এমন এক পথে হাঁটতে হচ্ছে, যা আগে কখনও ভাবেননি। এমন আবেগময় কথায় দর্শকের মনে সন্দেহ দানা বাঁধে।
অর্জুন আরও জানান, ভক্তরা যেন গুজবে কান না দেন। কারণ তিনি নিজেই খুব শিগগির সবকিছু পরিষ্কার করে দেবেন। কথামতো কয়েক ঘণ্টার মধ্যেই প্রকাশ্যে আসে শো সংক্রান্ত ঘোষণা। ফলে স্পষ্ট হয়ে যায়, দাম্পত্যে কোনো সমস্যা নয়, বরং নতুন শোয়ের পিআর কৌশলই ছিল ওই ভিডিওর আসল উদ্দেশ্য। অর্জুন বিজলানীর জনপ্রিয়তা ছোটো পর্দায় দীর্ঘদিন ধরেই অটুট। অভিনয়ের পাশাপাশি তাঁর পারিবারিক জীবনও ভক্তদের কাছে সমানভাবে অনুপ্রেরণার। তাই এই রহস্যঘেরা প্রচারণা সফলভাবে দর্শকের দৃষ্টি কেড়েছে, তা বলাই বাহুল্য।







