বিনোদন

রাশিদ খানের বাড়িতে এ বছর দুর্গাপুজো, মায়ের ইচ্ছাতেই নতুন অধ্যায়

মায়ের মুখের কথা যেন ঘরের নিয়ম। তাই এ বছর রাশিদ খানের বাড়িতে শুরু হচ্ছে দুর্গাপুজো। এর আগে তাঁর মায়ের ইচ্ছাতেই সরস্বতী ও গণেশপুজো হয়েছে। প্রতিবারের মতো বাবা জীবিত থাকাকালীন মায়ের ইচ্ছা পূরণ করতেন তিনিই। এখন বাবার অনুপস্থিতিতে সেই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন রাশিদ। মায়ের সঙ্গে রোজ রাত জেগে চলছে আলোচনা কীভাবে হবে পুজো, কোথায় হবে, কতটা আয়োজন সম্ভব। অবশেষে ঠিক হয়েছে, বাড়ির ভেতরে যে বড়ো মাঠ রয়েছে, সেখানেই প্রথম দুর্গোৎসবের সূচনা হবে। তবে জাঁকজমক নয়, রাশিদের মন পড়ে আছে ভক্তি আর আন্তরিকতায়। তাঁর স্পষ্ট কথা,”হয়তো বড়ো আয়োজন করতে পারব না, কিন্তু ভক্তি ও নিষ্ঠার অভাব রাখব না।” দেবীকে অন্নভোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যেভাবে তাঁদের পরিবার অন্য দেবদেবীর পুজোতে ভোগ অর্পণ করে, তেমনই দুর্গামাকেও দেওয়া হবে অন্ননৈবেদ্য।

রাশিদের বাড়ি বরাবরই এক খোলা ঠিকানা। ধর্ম-বর্ণের ভেদাভেদ মানেন না কেউই। বাবার সময় থেকেই এখানে সব ধর্মের মানুষ একত্রিত হতেন। সেই প্রথা এখনও অটুট। রাশিদ নিজেও হনুমানজির ভক্ত। নিয়মিত মন্দিরে গিয়ে পুরোহিতের নির্দেশ অনুযায়ী পূজা-অর্চনা করেন। তাঁর বিশ্বাস, ঈশ্বরের বহু নাম আছে, যিনি যেমন করে ডাকবেন, তিনি তেমন করেই সাড়া দেন। তাই দুর্গাপুজো তাঁর কাছে ব্যক্তিগত বিশ্বাসেরই প্রকাশ। শৈশব থেকে দুর্গোৎসব তাঁর জীবনের আনন্দঘন স্মৃতি। বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনো, আলো-ঝলমলে শহরের পথে হেঁটে বেড়ানো, বন্ধুদের সঙ্গে আড্ডা আর খাওয়া-দাওয়া সবটাই তাঁর কাছে পুজোর অমূল্য অংশ। তবে সাজগোজে তাঁর বরাবর অনীহা। ভারী পোশাক পরে ঘুরে বেড়ানো তাঁর একেবারেই পছন্দ নয়। তাই পুজোর দিনগুলোতে জিন্স, ট্রাউজার কিংবা সাধারণ টি-শার্টেই তিনি স্বচ্ছন্দ।

প্রতি বছর কলকাতার ম্যাডক্স স্কোয়ার তাঁর পুজোর তালিকায় থাকবেই। রাশিদের মতে,”ওখানে না গেলে নাকি ঠাকুর পাপ দেবেন!” চার দিনে সেখানে রূপের মেলা বসে, শহরের সুন্দরীদের সমাবেশে চোখ ভরে যায় তাঁর। কিন্তু মনের ঘরে কাউকে ঢুকতে দেন না তিনি। এ বার তাই রাশিদ খানের বাড়ির দুর্গাপুজো শুধু একটি পারিবারিক আয়োজন নয়, এক নতুন ইতিহাসও বটে। যেখানে ধর্ম মিশে গেছে বিশ্বাসে, আর ভক্তি জড়িয়ে গেছে ভালোবাসায়। এলাকার মানুষও অপেক্ষায়, কেমন জমবে রাশিদদের প্রথম দুর্গোৎসব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.