হাওড়ার টিকিয়াপাড়ায় রেলের জমিতে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা বেআইনি বসতি উচ্ছেদে বুধবার বড়সড় অভিযান চালাল রেল কর্তৃপক্ষ। টিকিয়াপাড়া বাইপাস সংলগ্ন এলাকায় বুলডোজার দিয়ে একাধিক ঝুপড়ি ভেঙে ফেলা হয়। রেলের দাবি, নিকাশি ব্যবস্থার উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ করা হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, ওই এলাকায় প্রায় ১০০টি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছিল। উচ্ছেদ অভিযানের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
এদিকে, পূর্ব মেদিনীপুরের নয়াচর এলাকাকেও দখলমুক্ত করার উদ্যোগ শুরু করেছে প্রশাসন। হলদিয়ার অদূরে হুগলি ও হলদি নদীর মোহনায় অবস্থিত প্রায় ৬৪ বর্গ কিলোমিটার বিস্তৃত এই দ্বীপে দীর্ঘদিন ধরে কয়েক হাজার মানুষের বসবাস নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, প্রায় ৬ থেকে ৭ হাজার মানুষ সেখানে অবৈধভাবে বসবাস করছেন।
প্রশাসনের তরফে ইতিমধ্যেই বাসিন্দাদের উদ্দেশে নোটিস জারি করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা নিরাপত্তা বাহিনী নিয়ে এলাকায় গিয়ে বাসিন্দাদের জমি খালি করার নির্দেশ দেন।
উল্লেখ্য, নন্দীগ্রাম আন্দোলনের সময় থেকেই নয়াচর আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। বামফ্রন্ট সরকারের আমলে সেখানে কেমিক্যাল হাব তৈরির পরিকল্পনা নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। পরে তৃণমূল সরকারের আমলে পরিবেশবান্ধব শিল্প গড়ার কথা ঘোষণা করা হয়। বর্তমানে নতুন সরকারের পরিকল্পনা, দখলমুক্ত করে নয়াচরে একটি আধুনিক মৎস্যহাব গড়ে তোলা।







