শক্তির বিচারে আকাশ-পাতাল ফারাক। একদিকে বিশ্বকাপে খেলা কাতার, অন্যদিকে অভিজ্ঞতায় পিছিয়ে থাকা ভারতের অনূর্ধ্ব-২৩ দল। তবুও মাঠে ছবিটা ছিল একেবারে ভিন্ন। সমানে সমানে পাল্লা দিয়ে নৌসাদ মুসার ছেলেরা হারালেও অর্জন করল ফুটবলপ্রেমীদের সম্মান। এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বে ভারত ১-২ গোলে হেরে গেল কাতারের কাছে, আর সেই হারকে ঘিরেই তৈরি হল বিতর্ক।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে লড়াই। ১৮ মিনিটে কর্নার থেকে হেডে এগিয়ে যায় কাতার। কিন্তু ভারতও পিছিয়ে ছিল না। প্রথমার্ধে সমতা ফেরানোর সুযোগ এলেও তা ব্যর্থ হয়। তবে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারত। মাঝমাঠ দখল করে খেলা নিয়ন্ত্রণে নেয় তারা। ৫২ মিনিটে মহম্মদ সুহেলের গোলে সমতা ফেরে। খেলার গতি তখন ভারতের দিকেই ঝুঁকছিল।
ঠিক সেই সময়েই আসে ম্যাচের সবচেয়ে বিতর্কিত মুহূর্ত। ৬৫ মিনিটে কাতারের এক খেলোয়াড় বক্সের মধ্যে পড়ে গেলে রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন। শুধু তাই নয়, দ্বিতীয় হলুদ দেখে মাঠ ছাড়েন ভারতীয় ডিফেন্ডার পরমবীর সিংহ। রিপ্লেতে দেখা যায়, স্পর্শ না থাকা সত্ত্বেও পড়ে গিয়েছিলেন কাতারি ফুটবলার। তাই লাল কার্ড ও পেনাল্টি সিদ্ধান্তে ক্ষোভ দানা বাঁধে। সুযোগ কাজে লাগিয়ে ৬৭ মিনিটে গোল করেন জাসেম শারশানি।
১০ জনে সঙ্কুচিত ভারত শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালালেও আর গোল ফেরানো সম্ভব হয়নি। বল দখলে (৫১%) সামান্য এগিয়েছিল ভারতই। হারলেও ব্রুনেইয়ের বিরুদ্ধে শেষ ম্যাচে জিততে পারলে এখনও মূলপর্বের আশা টিকে আছে। সমালোচিত সিদ্ধান্ত ভারতের জয় কেড়ে নিলেও লড়াইয়ের মানসিকতা নতুন আস্থা জাগাল ভারতীয় যুবাদের প্রতি।







