খেলাধুলা

ভারতীয় ফুটবলে নয়া বিবাদ! ফেডারেশনের নতুন প্লেয়ার্স কমিটি নিয়ে ‘লাল কার্ড’ দেখাল বিশ্ব ফুটবলার সংস্থা

ভারতীয় ফুটবলে ঝামেলার যেন শেষ নেই। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মাঝেই এবার খোদ ফুটবলারদের অধিকার নিয়ে দড়ি টানাটানি শুরু হয়েছে। ফুটবলারদের জন্য ফেডারেশনের (AIFF) নতুন একটি কমিটি গড়ার সিদ্ধান্ত ঘিরেই যত বিপত্তি। বিষয়টি এতটাই জটিল হয়ে দাঁড়িয়েছে যে, এবার আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন ‘ফিফপ্রো’ (FIFPRO) সরাসরি এই ইস্যুতে হস্তক্ষেপ করে তাদের তীব্র আপত্তির কথা জানিয়েছে।

আসল ঘটনা হলো, ভারতে ফুটবলারদের স্বার্থ দেখার জন্য ২০০৬ সাল থেকেই ‘ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ বা এফপিএআই (FPAI) নামের একটি স্বাধীন সংগঠন কাজ করছে। ২০০৯ সালে ফিফপ্রো-র স্বীকৃতি পাওয়া এই সংগঠনের প্রথম সভাপতি ছিলেন কিংবদন্তি ভাইচুং ভুটিয়া। কিন্তু ফেডারেশন এখন চাইছে তাদের নিজেদের অধীনে ‘ন্যাশনাল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’ (NPA) নামে নতুন একটি কমিটি তৈরি করতে। আর এখানেই প্রশ্ন তুলছে আন্তর্জাতিক মহল। তাদের যুক্তি, যখন একটি স্বীকৃত ও স্বাধীন সংগঠন আগে থেকেই রয়েছে, তখন আবার সরকারি নিয়ন্ত্রণে নতুন কমিটি গড়ার মানে কী?

ফেডারেশনের প্রস্তাবিত এই নতুন কমিটির ওপর ফুটবল সংস্থার পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কারা সদস্য হবে বা কী সিদ্ধান্ত নেওয়া হবে সবই ঠিক করবে ফেডারেশন। ফিফপ্রো-র আশঙ্কা, এর ফলে ফুটবলারদের স্বাধীনভাবে মত প্রকাশের ক্ষমতা খর্ব হবে। কারণ, বিশ্বের কোথাও ফুটবলারদের সংগঠন সরাসরি ফেডারেশনের তল্পিবাহক হয়ে কাজ করে না। এফপিএআই-এর বর্তমান সভাপতি মেহরাজউদ্দিন ওয়াডুও ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ফুটবলারদের হয়ে লড়াই করার স্বাধীনতাই যদি না থাকে, তবে এমন আজ্ঞাবহ কমিটি গড়ে কোনো লাভ নেই। তবে এই সমস্ত সমালোচনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ কল্যাণ চৌবের নেতৃত্বাধীন ফুটবল ফেডারেশন। সংস্থার সচিব এন সত্যনারায়ণ জানিয়েছেন, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই এই এগোচ্ছেন। তাঁর দাবি, ফিফপ্রো-র এই বিষয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। এফপিএআই যে ভাবে কাজ করছে তা চালিয়ে যেতে পারে, কিন্তু ফেডারেশনের নিজস্ব একটি প্লেয়ার্স কমিটি থাকবেই। এই পাল্টাপাল্টি অবস্থানের ফলে ভারতের ফুটবলারদের ভবিষ্যৎ এবং তাঁদের অধিকার রক্ষার বিষয়টি এখন বড়সড় আইনি ও প্রশাসনিক লড়াইয়ের মুখে দাঁড়িয়ে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.