খেলাধুলা

ফের জয় মহমেডানের, ঘরোয়া লিগে স্বস্তি সাদা-কালোর শিবিরে

কলকাতা ময়দানে আবার ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করল মহমেডান স্পোর্টিং। একের পর এক ব্যর্থতা, ট্রান্সফার ব্যান ও সমর্থকদের হতাশা—সব চাপ কাটিয়ে মেহরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা ঘরোয়া লিগে নিজেদের পুরনো ছন্দে ফিরছে। বৃহস্পতিবার বারাকপুর স্টেডিয়ামে শ্রীভূমি এফসিকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল সাদা-কালো ব্রিগেড। এই জয় শুধু পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার পথই প্রশস্ত করেনি, বরং দলকে নতুন আত্মবিশ্বাসও জুগিয়েছে।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মহমেডান। ১৮ মিনিটে শিবা মান্ডি লিড এনে দেন। তবে পরের মিনিটেই অরিত্র ঘোষ শ্রীভূমিকে সমতায় ফেরান। প্রথমার্ধে আরও কয়েকটি সুযোগ নষ্ট হয় সাদা-কালো শিবিরে। কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা পাল্টে দেন লালথাকিমা ও ডুরান্ড কাপের পরিচিত মুখ অ্যাডিসন। তাঁদের গোলেই নিশ্চিত হয় মহমেডানের জয়। আপাতত ৭ পয়েন্ট নিয়ে রেড রোডের ক্লাব আবার লড়াইয়ে টিকে আছে।

আসলে ট্রান্সফার ব্যানের কারণে নতুন খেলোয়াড় নথিভুক্ত করতে না পারা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। ফলে ব্যর্থতার পর চাপ ছিল বিপুল। তবে কোচ মেহরাজের দৃঢ়তা এবং ফুটবলারদের আত্মবিশ্বাসে পরিস্থিতি বদলাচ্ছে। জয় শেষে তিনি বলেন, “ছেলেদের উপর ভরসা ছিল, তারা তা রেখেছে। লিগ টেবিলে আরও উপরে ওঠাই এখন লক্ষ্য।” সমর্থকরাও এই ধারাবাহিক জয়ে কিছুটা স্বস্তি পেয়েছেন।

অন্য ম্যাচে নৈহাটিতে সাদার্ন সমিতিকে ২-০ গোলে হারায় ইউনাইটেড স্পোর্টস। সুজল মুন্ডা ও শ্রীনাথ গোলদাতা। কল্যাণীতে ভবানীপুর ২-১ গোলে হারায় ইউনাইটেড কলকাতাকে। জয়ী দলের হয়ে জোজো ও সান্তোই স্কোর করেন, অমিত টুডু একমাত্র গোল করেন ইউনাইটেড কলকাতার হয়ে। তবে সাদার্ন সমিতি ক্রমেই পিছিয়ে পড়ছে লিগ টেবিলে। এরই মধ্যে আইএফএ’র গর্ভনিং বডির নির্বাচন অনুষ্ঠিত হলেও মোহনবাগান প্রতিনিধি পাঠায়নি, যা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.