খেলাধুলা

মধ্যরাতে হাসপাতালে রোহিত, অবসরের জল্পনায় নতুন মোড়

মধ্যরাতে হঠাৎই মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে দেখা গেল রোহিত শর্মাকে। ভারতীয় ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ককে হাসপাতালে দেখে মুহূর্তেই গুঞ্জন শুরু হয়ে যায়—ঠিক কী হয়েছে ভারতের এক দিনের দলের নেতৃত্বে থাকা এই তারকাকে? মঙ্গলবার থেকে এশিয়া কাপ শুরু হলেও রোহিত বর্তমানে ক্রিকেটের বাইরে। ফলে তাঁর এই অপ্রত্যাশিত হাসপাতাল যাত্রা ঘিরে স্বাভাবিক ভাবেই বাড়ছে জল্পনা।

সাদা টি-শার্ট, কালো ট্র্যাক প্যান্ট এবং টুপি পরে হাসপাতালে ঢোকার সময় রোহিতকে দেখে কিছু ভক্ত ছবি তুলতে শুরু করলে তিনি বিরক্তিও প্রকাশ করেন। তবে তিনি কেন সেখানে গিয়েছিলেন, সে বিষয়ে মুখ খোলেননি। হাসপাতাল কর্তৃপক্ষও কিছু জানাননি। সূত্রের খবর, তাঁর পরিবারের এক সদস্য সেখানে ভর্তি আছেন এবং রোহিত কেবল দেখতে গিয়েছিলেন। যদিও আনুষ্ঠানিক নিশ্চয়তা মেলেনি।

কয়েক দিন আগে বেঙ্গালুরুর বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্সে ফিটনেস টেস্ট দিয়েছিলেন রোহিত। জানা গিয়েছে, তিনি পরীক্ষায় পাশ করেছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন এক দিনের সিরিজে খেলার সম্ভাবনাও রয়েছে। তবে ক্যারিয়ারের শেষ পর্যায়ে দাঁড়িয়ে তাঁর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ঘনীভূত হচ্ছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো ও টেস্ট ক্রিকেটে অবসরের পর এখন কেবল এক দিনের ফরম্যাটই রোহিতের ভরসা।

কোচ গৌতম গম্ভীর অবশ্য তিন ফরম্যাটে তিন জন অধিনায়ক রাখতে নারাজ। তাই এক দিনের ফরম্যাটেও শুভমন গিলের হাতে দায়িত্ব চলে যাওয়ার সম্ভাবনা প্রবল। ফলে অনেকের মতে, অস্ট্রেলিয়া সিরিজের পর হয়তো রোহিত ৫০ ওভারের ক্রিকেট থেকেও বিদায় ঘোষণা করতে পারেন। যদিও তাঁর নিজস্ব ইচ্ছে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে দেশকে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন করা। এখন দেখার, সময় ও দল তাঁকে সেই সুযোগ দেয় কি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.