একের পর এক শোকের খবর বিনোদন জগতে। বুধবারই মা কৃষ্ণা মুখোপাধ্যায়কে হারিয়েছেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়। সেই শোকের আবহ কাটতে না কাটতেই এবার পিতৃবিয়োগের খবর প্রকাশ্যে আনলেন অভিনেত্রী তথা সাংসদ শতাব্দী রায়। সম্প্রতি প্রয়াত হয়েছেন তাঁর বাবা শৈলেন রায়। বাবাকে হারানোর পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন শতাব্দী যে, কারও সঙ্গে কথা বলার মতো পরিস্থিতিতেও ছিলেন না। তবে নিজেকে কিছুটা সামলে বৃহস্পতিবার বাবার মৃত্যুর খবর জানান তিনি।
জানা গিয়েছে, গত সপ্তাহেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন শতাব্দীর বাবা শৈলেন রায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। অভিনেত্রীর কথায়, বয়সজনিত কোনও গুরুতর সমস্যা ছিল না তাঁর বাবার। কোনও দীর্ঘদিনের অসুস্থতাও ছিল না। বরং বেশ সুস্থই ছিলেন তিনি। কিন্তু মাত্র ১৫ দিনের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। এমনটা কীভাবে ঘটল, তা এখনও বিশ্বাস করতে পারছেন না শতাব্দী।
অভিনেত্রী জানিয়েছেন, তাঁর বাবার মধুমেহ বা উচ্চ রক্তচাপের মতো সমস্যাও ছিল না। তবে শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রা কমে যাওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানে বিভিন্ন পরীক্ষার পর ফুসফুসে ক্যানসার ধরা পড়ে শৈলেন রায়ের। এরপর দ্রুতই শারীরিক অবস্থার অবনতি হয়।
প্রায় ১৫ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শৈলেন রায়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষপর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। তবে বাবাকে দীর্ঘদিন অসুস্থ হয়ে কষ্ট পেতে হয়নি, এটুকুই শতাব্দীর কাছে কিছুটা সান্ত্বনার। তবুও পিতৃবিয়োগের শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তিনি।
বাবার স্মৃতিচারণ করতে গিয়ে শতাব্দী জানিয়েছেন, তাঁর জীবনের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তেই পাশে ছিলেন শৈলেন রায়। শুটিংয়ের কাজে যেখানে যেতেন, বাবাকেও সঙ্গে রাখতেন তিনি। অভিনেত্রীর কথায়, “যখন যেখানে শুটিং করতে গিয়েছি, বাবাকে সঙ্গে পেয়েছি। উনি আমার সঙ্গেই থাকতেন। তাই বাবার চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছি না।”
বৃহস্পতিবার সমাজমাধ্যমে বাবা-মায়ের একাধিক পুরনো ছবি একসঙ্গে করে একটি কোলাজও পোস্ট করেছেন শতাব্দী। আবেগঘন সেই পোস্টে তিনি লেখেন, “বাবাও চলে গেল – এই ভারী সত্যিটা মেনে নেওয়ার মতো ভাষা আমার জানা নেই। আজ এক যুগের অবসান হল। হয়তো মা ও বাবার সেই অনন্ত প্রেমের টান আবারও এক করে দিল তাঁদের। পরজন্মে আবার আমার বাবা-মা হয়েই এসো…।”






