রাজনীতিরাজ্য

মুকুল প্রয়াণে ফোন অভিষেকের, ভেঙে পড়লেন শুভ্রাংশু

দীর্ঘ অসুস্থতার পর রবিবার গভীর রাতে প্রয়াত হলেন প্রবীণ রাজনীতিবিদ Mukul Roy। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাজ্য রাজনীতি। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর।
রাতেই হাসপাতাল থেকে ফোন পেয়ে ছুটে যান ছেলে শুভ্রাংশু রায়। প্রাথমিক প্রতিক্রিয়ায় কার্যত ভেঙে পড়েন তিনি। আবেগঘন কণ্ঠে বলেন,
“বাবা ছিলেন রাজনৈতিক অভিভাবক, আবার বন্ধুর মতোও। যা কিছু শিখেছি, সব বাবার কাছেই। জীবনের কঠিন সময়ে পাশে পেয়েছি তাঁকে। বড় বড় সিদ্ধান্ত নিতে বারবার সাহায্য করেছেন। এ যেন এক অদ্ভুত শূন্যতা।”
সোমবার সকালে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে শুভ্রাংশু জানান, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee ফোন করেছিলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থাও করেছেন। দলের শীর্ষ নেতৃত্বেরাও খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। শুভ্রাংশুর দাবি, মুখ্যমন্ত্রীর নির্দেশেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগাযোগ করেছেন।
তবে এখনও পর্যন্ত বিজেপির তরফে কেউ যোগাযোগ করেননি বলেও জানান তিনি।
দুপুর বারোটা নাগাদ তাঁর মরদেহ প্রথমে বিধানসভায় নিয়ে যাওয়া হবে। সেখান থেকে উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ঘটক রোডের বাড়িতে আনা হবে। শেষকৃত্য সম্পন্ন হবে হালিশহর শ্মশানে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে কিডনি-সহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। পরপর কয়েকবার হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। সম্প্রতি বেশ কিছুদিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বঙ্গ রাজনীতির একদা ‘চাণক্য’।
তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে নেমেছে শোকের ছায়া। মৃত্যুসংবাদ প্রকাশ্যে আসতেই কাঁচরাপাড়ার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন তৃণমূলের নেতাকর্মীরা।
বহু উত্থান-পতনের সাক্ষী এই বর্ষীয়ান রাজনীতিকের প্রয়াণে বাংলার রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের ইতি ঘটল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.