রাজ্য

হাওড়ায় আমুলের মেগা প্রকল্প, ১৩ জুন শিলান্যাসে আসতে পারেন অমিত শাহ

পরিবর্তিত বাংলায় শিল্পায়নের নতুন দিগন্ত খুলতে চলেছে। হাওড়ার সাঁকরাইলে বড় বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে গুজরাটের দুগ্ধ সংস্থা আমুল। সেখানে গড়ে তোলা হবে দেশের অন্যতম বৃহৎ দুগ্ধজাত পণ্য উৎপাদন কেন্দ্র। আগামী সপ্তাহেই নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান হওয়ার কথা। সেই অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর। তাঁর হাত দিয়েই প্রকল্পের শিলান্যাস হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে শতাধিক বিশিষ্ট ব্যক্তি এবং বহু দুগ্ধচাষীরও উপস্থিত থাকার কথা। পাশাপাশি ভবিষ্যতে উত্তরবঙ্গেও ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সংস্থার।

বিগত কয়েক বছরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মাধ্যমে শিল্প বিনিয়োগের একাধিক প্রতিশ্রুতি দেওয়া হলেও রাজ্যে প্রত্যাশিত শিল্পোন্নয়ন হয়নি বলে বিরোধীদের অভিযোগ। তবে সরকার পরিবর্তনের পর শিল্পক্ষেত্রে নতুন আশার সঞ্চার হয়েছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য ১০০ দিনের মধ্যে শিল্প বিনিয়োগে বড় সাফল্যের ইঙ্গিত দিয়েছিলেন। এর কিছুদিন পরেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকে বসেন গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশনের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা এবং আমুল ডেয়ারির কর্ণধার অমিত ব্যাস। সেই বৈঠকেই প্রকল্পের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং শিলান্যাসের বিষয়টি চূড়ান্ত করা হয়। জানা যাচ্ছে, আগামী ১৩ জুন পশ্চিমবঙ্গে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, হাওড়ার সালকিয়া ফুড পার্কেই তৈরি হবে এই আধুনিক ডেয়ারি কারখানা। এটি হবে আমুলের প্রথম পূর্ণাঙ্গ মালিকানাধীন ডেয়ারি উৎপাদন কেন্দ্র। প্রকল্পে মোট প্রায় ৬৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। কারখানা চালু হলে প্রতিদিন প্রায় ১০ লক্ষ কিলোগ্রাম দই, লস্যি ও ঘোল উৎপাদনের সক্ষমতা তৈরি হবে। ফলে রাজ্যের দুগ্ধ শিল্পের পরিকাঠামো যেমন আরও শক্তিশালী হবে, তেমনই কর্মসংস্থানের নতুন সুযোগও সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে। গুজরাটের একটি সংস্থা দুই ধাপে এই প্রকল্পের নির্মাণকাজ সম্পন্ন করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.