ফুসফুসের ক্যানসার শনাক্তকরণে বড় সাফল্যের দাবি করলেন বিজ্ঞানীরা। আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে, একটি বিশেষ রক্ত পরীক্ষা ক্যানসারের কোনও লক্ষণ প্রকাশ পাওয়ার বা স্ক্যানে ধরা পড়ার প্রায় পাঁচ বছর আগেই ফুসফুসের ক্যানসারের ঝুঁকি চিহ্নিত করতে সক্ষম হতে পারে।
অস্ট্রেলিয়ার WEHI-এর নেতৃত্বে প্রায় ৪৮ হাজার রক্তের নমুনা বিশ্লেষণ করে গবেষকরা রক্তে ১৪টি বিশেষ প্রোটিনের একটি ‘ব্লাড সিগনেচার’ শনাক্ত করেছেন। এই প্রোটিনগুলি মূলত দীর্ঘমেয়াদি প্রদাহের সঙ্গে যুক্ত, যা পরবর্তীতে ক্যানসার তৈরির পরিবেশ তৈরি করতে পারে। গবেষণাটি বিজ্ঞান সাময়িকী Cell-এ প্রকাশিত হয়েছে।
গবেষকদের মতে, নতুন এই পরীক্ষা ধূমপায়ী ছাড়াও প্রাক্তন ধূমপায়ী এবং কখনও ধূমপান না করা ব্যক্তিদের মধ্যেও ঝুঁকি নির্ধারণে সাহায্য করতে পারে। পাশাপাশি IL-1β-সম্পর্কিত প্রদাহজনিত প্রক্রিয়াকে লক্ষ্য করে তৈরি কিছু ওষুধ ভবিষ্যতে ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।
তবে এই প্রযুক্তি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে এবং সাধারণ মানুষের ব্যবহারের জন্য উপলব্ধ নয়। বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতে কম খরচে ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের চিহ্নিত করতে পারলে ফুসফুসের ক্যানসারজনিত মৃত্যুহার কমাতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।







