রাজ্যশিক্ষা

মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মজয়ন্তী, পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির ঘোষণা শুভেন্দুর

ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা ভবানীপুরের বিধায়ক শুভেন্দু অধিকারী। ‘ভারত কেশরী’র স্মৃতিবিজড়িত এই শিক্ষাপ্রতিষ্ঠানের ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি রাজ্যের শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক করে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়—সব স্তরের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং অবদান অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যসূচিতে পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ঐতিহাসিক ভূমিকা, দেশপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, আইনসভায় তাঁর উল্লেখযোগ্য ভাষণ, স্বাধীন ভারতের প্রথম শিল্পমন্ত্রী হিসেবে শিল্পোন্নয়নে তাঁর অবদান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও শিক্ষাবিদ হিসেবে তাঁর ভূমিকার মতো বিষয়গুলি স্থান পাবে। তাঁর মতে, আগামী প্রজন্মের কাছে এই ইতিহাস শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ না থেকে নিয়মিত চর্চার বিষয় হওয়া প্রয়োজন।

মিত্র ইনস্টিটিউশনের উন্নয়ন ও সংস্কারের জন্যও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিধায়ক হিসেবে নিজের এলাকা উন্নয়ন তহবিল থেকে বিদ্যালয়ের সংস্কারের জন্য অবিলম্বে ২৫ লক্ষ টাকা বরাদ্দ করা হবে। পাশাপাশি কলকাতা পুরসভার কমিশনারকে আগামী অগস্টের মধ্যে ইঞ্জিনিয়ার পাঠিয়ে সংস্কার পরিকল্পনার রূপরেখা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়াও শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে, বিদ্যালয়ের ঐতিহ্যবাহী স্থাপত্য অক্ষুণ্ণ রেখে আধুনিকীকরণের জন্য কেন্দ্রের ‘পিএম শ্রী’ প্রকল্পের আওতায় স্কুলটিকে আনার উদ্যোগ নিতে। একই সঙ্গে স্কুল শিক্ষা দফতরের প্রধান সচিবকে অটল বিহারী বাজপেয়ীর নামে কেন্দ্রীয় একটি প্রকল্পের সঙ্গে এই প্রতিষ্ঠানকে যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখতে বলা হয়েছে।

তথ্য ও সংস্কৃতি দফতর বর্তমানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তি নির্মাণ-সহ বিভিন্ন স্মারক প্রকল্পে ২০০ কোটি টাকা ব্যয় করছে। সেই তহবিল থেকে মিত্র ইনস্টিটিউশনের উন্নয়নে অতিরিক্ত কোনও সহায়তা করা সম্ভব কি না, তাও পর্যালোচনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় থেকে স্বামী বিবেকানন্দ—উভয়ের কাছেই ‘ভারত মাতা’ ছিলেন সর্বোচ্চ প্রেরণার প্রতীক। নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে বিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্রছাত্রীকে ভগিনী নিবেদিতার লেখা বিখ্যাত ইংরেজি গ্রন্থ *The Master As I Saw Him* উপহার হিসেবে দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।

ভাষণের শেষে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্ম যদি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে প্রকৃত সম্মান জানাতে চায়, তবে তাদের জীবনের মূল মন্ত্র হওয়া উচিত—‘নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট’, অর্থাৎ সবার আগে দেশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.