নিজস্ব সংবাদদাতা : ডেঙ্গু রোধে বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ডেঙ্গু প্রতিরোধে পথে নামল রাজ্যের মন্ত্রী সুজিত বসু।
সোমবার সপ্তাহের শুরুর দিনেই এলাকায় ডেঙ্গু রোধে পথে নামল রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও বিধায়ক অদিতি মুন্সি। দমকল মন্ত্রীর বিধানসভা এলাকার বাঙ্গুর এভিনিউ থেকে এদিন ডেঙ্গু বিরোধী অভিযান শুরু হয়।
প্রসঙ্গত, দক্ষিণ দমদম পুরসভার অন্তর্গত এই বাঙ্গুর এভিনিউ অঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক গৃহবধূর মৃত্যু হয়। তারপরেই নড়েচড়ে বসে পুর প্রশাসন। এবার পুরসভাকে সঙ্গে নিয়ে ডেঙ্গু রোধে অভিযানে নামল রাজ্যের মন্ত্রী ও বিধায়ক। এদিন বাঙ্গুর এভিনিউ থেকে নাগেরবাজার পর্যন্ত পুরসভার ডেঙ্গু কর্মী ও স্কুল ছাত্র ছাত্রীদের নিয়ে ডেঙ্গু সচেতনতা অভিযান চালান মন্ত্রী ও বিধায়ক। মন্ত্রী বিধায়কের সাথেই এদিন পথে নামেন দক্ষিণ দমদম পুরসভার উপ পুরপ্রধান নিতাই দত্ত, পুরসভার স্বাস্থ্য বিভাগের পুর পারিষদ সদস্য সঞ্জয় দাস, বিধাননগরের মহকুমা শাসক ডঃ বিশ্বজিৎ পাণ্ডা সহ দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলররা। এদিন ডেঙ্গু বিরোধী একাধিক প্ল্যাকার্ড পোস্টার সহযোগে চলে মিছিল। সামনে ট্যাবলোর মাধ্যমে ডেঙ্গু নিয়ে মানুষকে সচেতন করা হয়।







