ব্যাট হাতে ঋষভ পন্থের অফ-ফর্ম লখনউ সুপার জায়ান্টসের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। আইপিএলের প্লে-অফের দৌড়ে থাকলেও, অধিনায়কের ব্যাটিং ব্যর্থতা বারবার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে দলকে। লখনউ মেন্টর জাহির খানও প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন, পন্থের রান না পাওয়া এখন দলের অন্যতম প্রধান সমস্যা।
চলতি আইপিএলে ১০ ম্যাচে মাত্র ১১০ রান করেছেন পন্থ। বিভিন্ন সময় বিপর্যয়ের মুখে দলকে টেনে তোলার বদলে, আক্রমণাত্মক শট খেলে সহজেই আউট হয়ে যাচ্ছেন। মিডল অর্ডারে তার ওপর যে ভরসা করা হয়েছিল, তা পূরণ না হওয়ায় চাপ বেড়েছে গোটা দলের উপর। জাহিরের মতে, পন্থ নেতা হিসেবে ঠিকঠাক কাজ করছেন ঠিকই, কিন্তু দলের জয়ের জন্য ব্যাট হাতে অবদান রাখা এখন জরুরি।
পন্থের ২৭ কোটির বিশাল মূল্য ট্যাগ তাকে চাপ দিচ্ছে কি না, এই প্রশ্নও উঠছে বারবার। তবে জাহির স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “পন্থ নিজেকে দারুণভাবে মানিয়ে নিয়েছে। দাম বা প্রত্যাশার চাপ ওকে প্রভাবিত করছে না। বরং সব খেলোয়াড়কে সমর্থন করে, ড্রেসিংরুমের পরিবেশ ভালো রাখে।”
তবে সব কিছুর পরেও লখনউ শিবিরে আশাবাদের আলো রয়েছে। জাহির মনে করেন, পন্থ যদি একটা বড় ইনিংস খেলতে পারে, তবে নিজেকে হারানো ছন্দে ফিরিয়ে আনতে পারবে। তার ইতিবাচক মানসিকতা ও দ্রুত ঘুরে দাঁড়ানোর ক্ষমতার উপরই আস্থা রাখছে দল।
লখনউ এখন ষষ্ঠ স্থানে থাকলেও প্লে-অফে যাওয়ার লড়াই জমে উঠেছে। সেখানে পন্থের ব্যাটের চুপ থাকা আর বেশিদিন চললে বিপদ ঘনাতে পারে। এখন দেখার, দলকে টপ ফোরে তুলতে নিজের পুরনো রূপে ফিরতে পারেন কি ঋষভ পন্থ।







