কলকাতা

আর কয়েক ঘণ্টার অপেক্ষা! কলকাতার রাস্তায় নামছে তিন নতুন মেট্রো, জানুন কোন পথে ছুটবে কবে থেকে

শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে একসঙ্গে চালু হতে চলেছে কলকাতার তিনটি নতুন মেট্রো রুট। হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ, নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর এবং রুবি থেকে বেলেঘাটা—এই তিনটি রুট চালু হলে শহরের পরিবহণ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

যানজটের দুর্ভোগ থেকে রেহাই পেতে এবং সময় বাঁচাতে এই নতুন পরিষেবা বিশেষ ভূমিকা নেবে। উদাহরণস্বরূপ, হাওড়া ময়দান থেকে শিয়ালদহ পৌঁছতে সময় লাগবে মাত্র ১২ মিনিট। এছাড়া, একটি টিকিটেই বেলেঘাটা থেকে হাওড়া, শিয়ালদহ কিংবা দমদম বিমানবন্দরে যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা।

যদিও উদ্বোধনের পরই যাত্রীরা উঠতে পারবেন কি না তা নিয়ে জল্পনা চলছে, কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, ২২ অগাস্ট সন্ধ্যা সাড়ে ৬টা থেকে হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। এর পর রুবি–বেলেঘাটা এবং হাওড়া ময়দান–সল্টলেক সেক্টর ফাইভ রুটে নিয়মিত পরিষেবা মিলবে ২৫ অগাস্ট থেকে।

মেট্রো কর্তৃপক্ষের আশা, পরিষেবা চালু হলে ইস্ট-ওয়েস্ট মেট্রোর যাত্রী সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে ৭ লক্ষ ছাড়িয়ে যাবে। বৌবাজারের মতো এলাকায় নানা প্রতিবন্ধকতা পেরিয়ে অবশেষে এই প্রকল্প বাস্তবায়িত হওয়ায়, শহরবাসীর জন্য এটি এক বড় উপহার হতে চলেছে।,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.