রাজনীতি

‘অভিষেককে খুনি’ বলে তোপ মদনের, ২১ জুলাই ঘিরে বিস্ফোরক সতর্কবার্তা

শিবির বদলের পর থেকেই ধারাবাহিকভাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরব হয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে তিনি দাবি করেছেন, দলের বর্তমান পরিস্থিতির জন্য অভিষেকই দায়ী। এবার ফেসবুক লাইভে এসে তাঁকে সরাসরি ‘খুনি’ বলেও আক্রমণ করেন মদন। পাশাপাশি ২১ জুলাইকে কেন্দ্র করে সম্ভাব্য অশান্তি নিয়েও কড়া সতর্কবার্তা দেন তিনি।

ফেসবুক লাইভে তীব্র আক্রমণ

রবিবার ফেসবুক লাইভে মদন মিত্র বলেন, “দিদিমণি, যুবরাজ, কারা দালাল—সবাইকে আমি চিনি। একমাত্র মদন মিত্র ছাড়া বাকিরা দালাল।” এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তিনি বলেন, “আমাকে ভয় দেখিয়ে কোনও লাভ হবে না। ডায়মন্ড হারবারে যাঁদের ভয় দেখাতে পারেন, আমাকে নয়। কয়েক দিন আগেও আমাকে খুনের চেষ্টা হয়েছে, আমার উপর গুলিও চালানো হয়েছে। এসব আমাকে দমাতে পারবে না। জন্ম হলে মৃত্যু একদিন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলছি, আপনারা যা খুশি বলুন। আপনাদের হুমকিতে সিপিএম ভয় পেতে পারে, বিজেপি ভয় পেতে পারে, কিন্তু মদন মিত্র ভয় পাবে না।”

‘২১ জুলাই গোলমাল হলে গুলি চলবে’

এরপর আরও আক্রমণাত্মক হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘ক্রিমিনাল’ ও ‘খুনি’ বলে উল্লেখ করেন মদন মিত্র। তাঁর দাবি, “অভিষেকের অপরাধমূলক মানসিকতা রয়েছে, তিনি টাকা দিয়ে খুন করান।”

২১ জুলাইয়ের কর্মসূচি নিয়েও সতর্কবার্তা দিয়ে মদন বলেন, “সেদিন সকালে দুটি মিছিল বেরোবে—একটি মমতা বন্দ্যোপাধ্যায়ের, অন্যটি শুভেন্দু অধিকারীর। আমি কারও পক্ষেই নই। তবে যেহেতু এটি মুখ্যমন্ত্রীর বিধানসভা এলাকা, সকালে যদি বড় ধরনের অশান্তি তৈরি হয়, তাহলে গুলি-গোলা চলতে পারে।”

বিজেপির প্রতিক্রিয়া

মদন মিত্রের এই মন্তব্যের পর প্রতিক্রিয়া দেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনি বলেছেন, সেটা তাঁর বক্তব্য। তবে তিনি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মিছিল বেরোবে, এই মন্তব্য বাস্তবসম্মত নয়। আর তৃণমূল মানেই দুর্নীতি ও হিংসার রাজনীতি—এটা নতুন কিছু নয়, মানুষ অনেক দিন ধরেই তা জানেন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.