কেন্দ্র

ভারতীয় প্রতিরক্ষা পরিষেবায় ইতিহাস, প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসেবে এয়ার ভাইস মার্শাল শক্তি শর্মা

নয়াদিল্লি: ভারতীয় সশস্ত্র বাহিনীর ইতিহাসে তৈরি হল এক নতুন নজির। প্রথম মহিলা নন-মেডিক্যাল অফিসার হিসেবে এয়ার ভাইস মার্শাল বা সমমর্যাদার পদে উন্নীত হলেন শক্তি শর্মা। মঙ্গলবার, ১ সেপ্টেম্বর এয়ার হেডকোয়ার্টার্সে অ্যাসিস্ট্যান্ট চিফ অব দ্য এয়ার স্টাফ (এডুকেশন) পদে দায়িত্ব গ্রহণ করেন তিনি।
ভারতীয় বায়ুসেনার তরফে সমাজমাধ্যমে এই ঐতিহাসিক নিয়োগের খবর জানানো হয়েছে। তিন দশকেরও বেশি সময়ের বর্ণময় সামরিক কেরিয়ারে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন শক্তি শর্মা। ১৯৯৪ সালের ১৮ জুন ভারতীয় বায়ুসেনার এডুকেশন ব্রাঞ্চে কমিশন পান তিনি। এরপর প্রশিক্ষণ প্রতিষ্ঠান, ফিল্ড স্টেশন, কমান্ড হেডকোয়ার্টার্স থেকে এয়ার হেডকোয়ার্টার্স—বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাক্ষেত্রেও তাঁর অবদান উল্লেখযোগ্য। আইআইটি কানপুর এবং পুণে বিশ্ববিদ্যালয়ে ‘IAF Chair of Excellence’ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। শিক্ষা প্রতিষ্ঠান ও বায়ুসেনার মধ্যে সহযোগিতা বাড়ানো এবং কৌশলগত প্রতিরক্ষা বিষয়ে যৌথ কাজের সুযোগ তৈরিই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
এর আগেও নজির গড়েছেন শক্তি শর্মা। তিন বাহিনীর মধ্যে প্রথম মহিলা অফিসার হিসেবে একটি সৈনিক স্কুলের কমান্ডের দায়িত্ব পেয়েছিলেন তিনি। কাপুরথলা সৈনিক স্কুলের অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বিশেষজ্ঞ মহলের মতে, সামরিক বাহিনীতে মহিলা অফিসারদের ক্রমবর্ধমান নেতৃত্বের ধারায় শক্তি শর্মার এই পদোন্নতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন দায়িত্বে বায়ুসেনার শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির নেতৃত্ব দেবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.