নিউ ইয়র্কের ব্যস্ত টাইমস স্কোয়্যারে আচমকাই ছুরি হাতে হামলা। পরপর দু’জনের উপর হামলার ঘটনায় মৃত্যু হল ব্যাঙ্ক অফ আমেরিকার এক ভাইস প্রেসিডেন্টের। গুরুতর জখম হয়েছেন আরও এক ব্যক্তি। পরে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে হামলাকারী মহিলারও।
সোমবার বিকেলে ঘটনাটি ঘটে টাইমস স্কোয়্যারে। পুলিশ সূত্রে খবর, নিউ ইয়র্কের কুইন্সের বাসিন্দা ৪৯ বছরের পামেলা সিসনেরোস আচমকা নিজের ব্যাগ থেকে একটি বড় ছুরি বের করেন। প্রথমে ভিড়ের মধ্যে থাকা ৬৮ বছরের এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালান তিনি। ওই ব্যক্তির পেটে ছুরির আঘাত লাগে।
এরপরই হামলার শিকার হন ব্যাঙ্ক অফ আমেরিকার আধিকারিক এরিন পিয়াসেন্তি। নিউ ইয়র্ক সিটি অফিসে ‘ভাইস প্রেসিডেন্ট অফ বিজনেস সিলেকশন অ্যান্ড কনফ্লিক্টস’ পদে কর্মরত ছিলেন তিনি। আচমকা ছুরির কোপে গুরুতর জখম হন এরিন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ ইয়র্ক পুলিশ। পামেলাকে ছুরি ফেলে আত্মসমর্পণের জন্য বারবার সতর্ক করা হয়। পুলিশ জানিয়েছে, প্রথমে তাঁকে নিয়ন্ত্রণে আনতে স্টান গান ব্যবহার করা হয়েছিল। কিন্তু তাতেও কাজ না হওয়ায় শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন আধিকারিকরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় পামেলার।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তবে এই হামলার পিছনে সন্ত্রাসবাদের কোনও যোগ নেই বলেই জানিয়েছে পুলিশ।
ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কোয়্যারে প্রকাশ্য দিবালোকে এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। একই সঙ্গে প্রশ্ন উঠছে, কীভাবে ভিড়ে ঠাসা এলাকায় অস্ত্র নিয়ে হামলা চালানোর সুযোগ পেলেন ওই মহিলা।







