পুজোর আগে ফের বদলাতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশ উপকূলে তৈরি ঘূর্ণাবর্তের জেরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত। এর পাশাপাশি একটি মৌসুমি অক্ষরেখাও জম্মু, দেরাদুন, পন্থনগর, বস্তি, ছাপরা, পুরুলিয়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কয়েকটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা।
বিশেষ করে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ঝাড়গ্রাম, পুরুলিয়া-সহ আরও কয়েকটি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে কলকাতায় আপাতত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। বৃহস্পতিবার শহরের আকাশ মূলত পরিষ্কার থাকলেও মাঝে মধ্যে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। দিনের মধ্যে এক-দু’পশলা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস। ফলে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুব বেশি সময় ধরে চলার সম্ভাবনা নেই।
পুজোর আগে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপ তৈরি হওয়ায় আগামী কয়েক দিনের আবহাওয়ার দিকে নজর রাখছে হাওয়া অফিস।







