ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীর সক্ষমতা বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। টি-৭২ এবং টি-৯০ ট্যাঙ্কের জন্য দেশীয় প্রযুক্তিতে তৈরি অক্সিলিয়ারি পাওয়ার ইউনিট বা APU কেনার চুক্তি করল প্রতিরক্ষা মন্ত্রক। এই প্রকল্পে খরচ হবে ৫৮৬ কোটি টাকা।
দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে অ্যাকুরেট ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলস প্রাইভেট লিমিটেড-এর সঙ্গে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের বক্তব্য, এই চুক্তির ফলে ভারতীয় সেনার মেকানাইজড ফর্মেশনের অপারেশনাল প্রস্তুতি ও নির্ভরযোগ্যতা আরও বাড়বে।
কী এই APU?
সহজভাবে বললে, APU হল ট্যাঙ্কের জন্য একটি বিকল্প বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। ট্যাঙ্কের মূল ইঞ্জিন চালু না রেখেও এর মাধ্যমে প্রয়োজনীয় বৈদ্যুতিক ব্যবস্থা সচল রাখা যায়।
ফায়ার কন্ট্রোল সিস্টেম, ফায়ারিং সার্কিট এবং গান স্ট্যাবিলাইজেশন সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ সরঞ্জামে বিদ্যুৎ সরবরাহে APU গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ট্যাঙ্কের প্রধান ইঞ্জিন বন্ধ থাকা অবস্থাতেও নির্দিষ্ট কিছু বৈদ্যুতিক ব্যবস্থা চালু রাখা সম্ভব।
‘মেক ইন ইন্ডিয়া’-য় আরও এক ধাপ
প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি এই APU সেনাবাহিনীর সাঁজোয়া প্ল্যাটফর্মগুলির দীর্ঘমেয়াদি কার্যক্ষমতা ও প্রস্তুতি বাড়াতে সাহায্য করবে। একই সঙ্গে প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে দেশীয় শিল্পের অংশগ্রহণও আরও বাড়বে।
প্রকল্পটি Make-II উদ্যোগের সঙ্গে যুক্ত। এই ব্যবস্থার মাধ্যমে শিল্প সংস্থাগুলির গবেষণা ও উন্নয়ন থেকে শুরু করে প্রযুক্তি তৈরি এবং পরবর্তীতে তা সেনাবাহিনীর ব্যবহারে অন্তর্ভুক্ত করার সুযোগ তৈরি হয়। ২০১৯ সালেই টি-৭২ ও টি-৯০ ট্যাঙ্কের জন্য APU তৈরির প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছিল।
টি-৭২ ও টি-৯০ কেন গুরুত্বপূর্ণ?
রুশ নকশার ভিত্তিতে তৈরি টি-৭২ ও টি-৯০ দীর্ঘদিন ধরেই ভারতীয় সেনার সাঁজোয়া বাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ যুদ্ধট্যাঙ্ক। এবার এই দুই প্ল্যাটফর্মে দেশীয় প্রযুক্তির আরও একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা যুক্ত হতে চলেছে।
তবে ৫৮৬ কোটি টাকার চুক্তি হলেও এখনও কতগুলি APU কেনা হচ্ছে, প্রতিটি ইউনিটের দাম কত এবং কবে থেকে সেনাবাহিনীর হাতে সরঞ্জামগুলি পৌঁছবে—সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি প্রতিরক্ষা মন্ত্রক।






