বাজার থেকে টুথপেস্ট, সাবান কিংবা শ্যাম্পু কেনার সময় প্যাকেটের গায়ে থাকা ছোট্ট একটি চিহ্নই এবার জানিয়ে দেবে পণ্যটিতে ব্যবহৃত উপাদানের উৎস। খাবারের প্যাকেটে নিরামিষ-আমিষ বোঝাতে যে ধরনের চিহ্ন এত দিন দেখা যেত, এবার সেই ব্যবস্থাই চালু হচ্ছে দৈনন্দিন ব্যবহার্য একাধিক পণ্যের ক্ষেত্রেও।
কেন্দ্রীয় সরকার ‘Legal Metrology (Packaged Commodities) Rules, 2011’-এ সংশোধন এনেছে। নতুন নিয়ম অনুযায়ী, সাবান, শ্যাম্পু, টুথপেস্ট-সহ বিভিন্ন প্রসাধনী ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীর প্যাকেটে উপাদানের উৎস বোঝাতে নির্দিষ্ট রঙের চিহ্ন ব্যবহার করতে হবে। সংশোধিত নিয়ম ইতিমধ্যেই কার্যকর হয়েছে।
নিয়ম অনুযায়ী, কোনও পণ্যে শুধুমাত্র নিরামিষ উৎসের উপাদান ব্যবহার করা হলে প্যাকেটের মূল প্রদর্শনী অংশে সবুজ রঙের বিন্দু থাকবে। আর প্রাণিজ উৎসের উপাদান থাকলে সেখানে লাল বা বাদামি রঙের বিন্দু ব্যবহার করতে হবে। প্যাকেটের সামনের দিকের উপরের অংশে এই চিহ্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে দোকানে পণ্য কেনার সময় ক্রেতারা সহজেই তা দেখতে পান।
ফলে কোনও পণ্যের উপাদানের তালিকা খুঁটিয়ে না দেখেও তার উৎস সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যাবে। বিশেষ করে নিরামিষ উপাদান ব্যবহার নিয়ে যাঁদের নির্দিষ্ট পছন্দ রয়েছে, তাঁদের জন্য এই চিহ্ন কেনাকাটার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারে।
অর্থাৎ, এবার টুথপেস্ট থেকে সাবান, শ্যাম্পু থেকে প্রসাধনী—পণ্য হাতে নেওয়ার আগেই প্যাকেটের সামনের ছোট্ট চিহ্ন দেখে বোঝা যাবে, সেটিতে প্রাণিজ উৎসের উপাদান রয়েছে কি না।







