কলকাতা: পুজোর মুখেই বড় অনিশ্চয়তার মুখে স্কুলের কম্পিউটার ইনস্ট্রাক্টরদের একাংশ। আইসিটি অ্যাট স্কুল প্রকল্পের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ায় প্রায় ১৪০০ জন কম্পিউটার ইনস্ট্রাক্টরের চাকরি কার্যত প্রশ্নের মুখে। তাঁদের নিয়োগকারী এজেন্সির সঙ্গে চুক্তি নবীকরণ না হওয়ায় ইতিমধ্যেই ছাঁটাইয়ের চিঠি পৌঁছেছে বহু শিক্ষকের কাছে।
চাকরি হারানোর আশঙ্কায় উদ্বেগে রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষকরা। তবে সমস্যা এখানেই শেষ নয়। পরবর্তী ধাপে আরও ২৩১৯ জন কম্পিউটার শিক্ষকের চাকরিও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।
জানা গিয়েছে, আইসিটি অ্যাট স্কুল প্রকল্পের পঞ্চম ফেজ পর্যন্ত ৫৫৭৯ জন শিক্ষককে আগের সরকারের সময়ে সরাসরি সরকারের অধীনে চুক্তিভিত্তিক শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছিল। তাঁদের চাকরির মেয়াদ ৬০ বছর পর্যন্ত এবং কিছুটা বর্ধিত ভাতার ব্যবস্থাও রয়েছে। কিন্তু ষষ্ঠ ও সপ্তম ধাপে নিযুক্ত শিক্ষকরা এখনও এজেন্সির অধীনেই রয়েছেন। ফলে তাঁদের ক্ষেত্রেই তৈরি হয়েছে মূল অনিশ্চয়তা।
শিক্ষকদের দাবি, তাঁদের কাজ শুধুমাত্র পড়ুয়াদের কম্পিউটার শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সরকারি প্রকল্পের ডেটা এন্ট্রি, কন্যাশ্রী ও সবুজ সাথি সংক্রান্ত তথ্য আপডেট, বাংলার শিক্ষা পোর্টালে পড়ুয়াদের ফলাফল তোলার মতো গুরুত্বপূর্ণ কাজও তাঁরা করে থাকেন। ফলে তাঁরা স্কুল থেকে সরে গেলে প্রশাসনিক কাজের চাপও সাধারণ শিক্ষকদের উপর বাড়বে বলে আশঙ্কা।
শিক্ষক সংগঠন এসটিইএ-র নেতা অনিমেষ হালদারের বক্তব্য, কম্পিউটার ইনস্ট্রাক্টররা চলে গেলে বহু স্কুলে সমস্যা তৈরি হতে পারে। কারণ, তাঁদের উপর পড়াশোনার পাশাপাশি একাধিক সরকারি প্রকল্পের কাজও নির্ভরশীল।
অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল আইসিটি পার্সোনেল কম্পিউটার ইনস্ট্রাক্টর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মোসাব্বর গাজি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন, ৩৭১৯ জন শিক্ষককেই সরকারের অধীনে আনার ব্যবস্থা করা হোক। কোনও শিক্ষক যাতে চাকরি না হারান, সেই বিষয়ে সরকারকে হস্তক্ষেপ করার আবেদন জানিয়েছেন তিনি।
ফলে পুজোর আগে একসঙ্গে হাজার হাজার কম্পিউটার শিক্ষকের ভবিষ্যৎ কোন পথে যায়, এখন সেদিকেই নজর সংশ্লিষ্ট মহলের।







