নিজস্ব সংবাদদাতা: দুই মেদিনীপুরের সংযোগস্থল,দীঘা যাওয়ার পথে কেলেঘাই নদী পেরিয়ে পটাশপুর ঢোকার ঠিক আগেই পড়ে অযোধ্যাপুর। গ্রামের কচি কাচাদের কলাশিক্ষায় শিক্ষিত করতে, আজ থেকে প্রায় দুই দশক আগে একরাশ স্বপ্ন নিয়ে গড়ে উঠে রাগ পরাগ শিক্ষায়তন। এবার শিরোনামে সেই রাগ পরাগ। একসাথে ১৯ জন শিশু ছাত্রছাত্রী সুযোগ পেয়েছে আকাশবানী বেতারের শিল্পী হিসাবে। এই খবর ইতিমধ্যে আলোড়ন ফেলেছে অবিভক্ত মেদিনীপুরে।
স্বর্গীয় বানেশ্বর প্রধান স্থানীয় শিশুদের নিয়ে শুরু করেছিলেন আবৃত্তিচর্চা। এক আকস্মিক পথ দূর্ঘটনায় তিনি হারিয়ে গেলেও, তার স্বপ্নকে বাস্তবায়িত করতে আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন শিক্ষক অরিজিৎ দাস অধিকারী। সন্তান স্নেহে তিনি দিনের পর দিন,তার ছাত্রছাত্রীদের আবৃত্তি,গান,নাচ ও গীটারে দিয়ে যাচ্ছেন তালিম।
স্থানীয় পটাশপুর,নারায়নগড়, বেলদা,সবং ব্লকের ছোটো ছোটো শিশুরাই তার ছাত্র। গ্রামের শিশুরাও যে তাদের প্রতিভা তুলে ধরতে পারে, তা তিনি করে দেখিয়েছেন।আকশবানীর মতো জায়গায় শিশুবিভাগে, আবৃত্তি ও গানে একসাথে ১৯ জন সুযোগ পাওয়ায় খুশী অভিভাবক থেকে স্থানীয় মানুষেরা।
অরিজিতবাবুর কথায় তার দায়িত্ব আরোও বেড়েছে। আরোও এগিয়ে নিয়ে যেতে চায় এই রাগ পরাগ শিক্ষায়তনকে। আমরা সময় ৩৬৫ এর পক্ষ থেকে কূর্নীশ জানাই ছোটো ছোটো শিশুদের আপন করে নিয়ে বটবৃক্ষের মতো দাঁড়িয়ে থাকা অরিজিৎ বাবুকে।
শিশুরাই আগামীর ভবিষ্যত। প্রত্যন্ত গ্রামে অরিজিৎ বাবু শিশুদের যে স্বপ্ন দেখিয়েছেন,আগামীতে দেখাবেন, তা বাস্তবায়িত হোক। এগিয়ে চলুক প্রতিটি শিশু তার প্রতিভা প্রকাশের মধ্য দিয়ে।







