১৪ নভেম্বর শিশু দিবস , আর সেদিনই উঠলো শিশু খুনের অভিযোগ ! ব্যাপক উত্তেজনায় উত্তাল আরামবাগের মুথাডাঙ্গা । খবর পেয়েই ঘটনাস্থলে আরামবাগ থানার পুলিশ । জানা গিয়েছে , ১০ বছর বয়সী শেখ রিয়ান , বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে , কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না তার । শুক্রবার বেলার দিকে , তার দেহ পাওয়া যায় । এলাকারই একটি তালাবন্দী বাড়ি থেকে উদ্ধার হয় শিশুটির কম্বল জড়ানো দেহ । যে বাড়ি থেকে দেহটি উদ্ধার হয়েছে , সেই বাড়িতে থাকা ব্যক্তির দিকেই সন্দেহের তীর ছুঁড়ে দিয়েছেন এলাকার বাসিন্দারা । উল্লেখ্য , অভিযুক্ত ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলেও খবর ।
পরিবার সূত্রে দাবী , বৃহস্পতিবার বিকেলে খেলতে বেরিয়েছিল রিয়ান । কিন্তু সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেলেও , আর ফেরেনি ওই ১০ বছর বয়সী শিশুটি । পরিবার ও এলাকাবাসীদের তরফে , অনেক খোঁজাখুঁজির পরেও হদিস পাওয়া যায়নি তার । শেষ পর্যন্ত ঘটনার খবর দেওয়া হয় আরামবাগ থানায় ।
স্থানীয় বাসিন্দাদের অনেকেরই সন্দেহ ছিল , শেখ রমজান আলি নামের এলাকারই এক ব্যক্তির দিকে। তিনি ভাড়া থাকতেন ওই এলাকাতেই । এলাকার বাসিন্দারা সন্দেহের বশে , তার বাড়িতে গেলে দেখেন , তার বাড়ি তালা বন্ধ । তবে উল্লেখ্য , রিয়ানকে খোঁজার সময় এলাকার বাসিন্দাদের সাথেই ছিলেন সন্দেহভাজন রমজান , পুলিশে খবর দিতে যাওয়ার সময়ও সাথে ছিলেন তিনি , তবে পরে আর হদিশ পাওয়া যায়না তার । এবং শুক্রবার , তার থেকেই উদ্ধার হয় শিশুটির কম্বলে মোড়া দেহ । ঘটনাকে ঘিরে , ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।







