ব্যাগ থেকে খোয়া গেছে তাই চরম সিদ্ধান্ত নিলেন দিদিমনি। স্কুলের ছোট বাচ্চাদের কেবল মাত্র টাকা চুরির সন্দেহে বিবস্ত্র করে মারধর করলেন এক মহিলা শিক্ষিকা। এই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে দিনহাটা পুটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাণী নিকেতন শিশু শিক্ষা কেন্দ্রে।
সূত্রের তথ্য অনুসারে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে। পড়ুয়ারা বাড়ি গিয়ে বিষয়টি জানালে অভিভাবকরা স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান শিক্ষিকার বিরুদ্ধে। স্কুলে তালা ঝুলিয়ে দেন অভিভাবকরা। পড়ুয়াদের অনুযায়ী, বুধবার স্কুল চলার সময়েই শিক্ষিকা অনিতা রায় অধিকারী জানান তার মানিব্যাগের চেইন খোলা রয়েছে এবং সেখান থেকে টাকা হারিয়ে গিয়েছে। অভিযোগ তারপরেই বাচ্চাদের বিবস্ত্র করে তল্লাশি করেন এবং বেধড়ক পেটানো শুরু করেন। যদিও বাচ্চাদের অভিভাবকরা দাবি করেছেন বাচ্চাদের কাছ থেকে কোনও টাকা পাওয়া যায়নি।
অন্যদিকে শিক্ষিকা অনিতা রায় অধিকারী সম্পূর্ণ ঘটনাটি স্বীকার করে তিনি জানান স্কুল চলাকালীন তিনি খেয়াল করেন তার মানিব্যাগের চেইন খোলা রয়েছে। মায়ের চিকিৎসার জন্য হাজার দেড়েক টাকা মানিব্যাগে রেখেছিলেন তিনি। মানিব্যাগে একটি টাকাও ছিলো না বলে দাবি করেন শিক্ষিকা। পরবর্তীতে মিড ডে মিলের রাঁধুনিদের সহায়তায় তিনি বাচ্চাদের তল্লাশি নেন। দুই পড়ুয়াদের মারধর করেন বলে স্বীকার করলেও বেধড়ক মারধরের কথা স্বীকার করেননি তিনি। অন্যদিকে শিক্ষিকা জানান বাচ্চাদের অভিভাবকেরা তাঁর বাড়িতে গিয়ে তাঁকে এবং বাড়ির লোকেদের গালিগালাজ করেন এবং মারার হুমকি দেন।
ঘটনার অভিযোগে শিশু শিক্ষা কেন্দ্র গুলির পরিচালনার দায়িত্বে থাকা সমিতি এডুকেশন অফিসার বিষয়টি সম্পর্কে বলেন, “যদি শিক্ষিকা এমনটি করে থাকেন, তাহলে তিনি মারাত্মক অপরাধ করেছেন। বাচ্চাদের শারীরিক এবং মানসিক অত্যাচার শিক্ষার অধিকার আইনের বিরুদ্ধে। সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”







