ভারতের তারকা পেসার জসপ্রিত বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে পারেন, তবে তার ফিটনেসের ওপর তা নির্ভর করছে। বিসিসিআই শনিবার ভারতের ১৫ সদস্যের চ্যাম্পিয়ন্স ট্রফি দল ঘোষণা করবে।
সিডনি টেস্টের পঞ্চম দিনে বুমরাহ বল না করায় তার চোট নিয়ে উদ্বেগ তৈরি হয়। জানা গেছে, এটি স্ট্রেস-সম্পর্কিত একটি সমস্যা। যদিও প্রথম দফার পরীক্ষায় পিঠে স্ট্রেস ফ্র্যাকচারের প্রমাণ মেলেনি, তবে অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টে অতিরিক্ত ওয়ার্কলোড (১৫১.২ ওভার, ৩২ উইকেট, গড় ১৩.০৬) তার এই সমস্যার মূল কারণ হতে পারে।
বিসিসিআইয়ের চিকিৎসা বিশেষজ্ঞদের পরামর্শে বুমরাহকে পাঁচ সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। জানুয়ারি ৫-এ সিডনি টেস্ট শেষ হওয়ার পর থেকে শুরু হওয়া এই বিশ্রামের শেষে তার স্ক্যান করা হবে। ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হলে ফেব্রুয়ারি ১২-এ ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে শেষ ওয়ানডেতে তার ম্যাচ ফিটনেস পরীক্ষা করা হবে।
ফেব্রুয়ারি ১১ চ্যাম্পিয়ন্স ট্রফি দলে চূড়ান্ত তালিকা জমার শেষ তারিখ। এই পরিস্থিতিতে বুমরাহর নাম ঘোষিত দলে থাকলেও তা ফিটনেসের শর্তসাপেক্ষ।
ভারত ফেব্রুয়ারি ৬, ৯ ও ১২ তারিখে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলবে, যা আগস্ট ২০২৪-এ শ্রীলঙ্কা সফরের পর প্রথম ওয়ানডে সিরিজ। ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত ‘গ্রুপ এ’-তে রয়েছে। দলটি ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিপক্ষে অভিযান শুরু করবে, এরপর ২৩ ফেব্রুয়ারি পাকিস্তান ও ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। পাকিস্তান সফরের অনুমতি না পাওয়ায় ভারত দল তাদের ম্যাচগুলো দুবাইয়ে খেলবে।







