খেলাধুলা

‘একটা গোটা মরসুম বিশ্রামে থাকুক বুমরাহ’, চোট সারাতে পরামর্শ দিলেন ম্যাকগ্রা

যার হাত ধরে ভারতীয় পেস আক্রমণ ছুঁয়েছে নতুন উচ্চতা, সেই জসপ্রীত বুমরাহ আবারও চোটে জর্জর। প্রশ্ন উঠছে—কেন বার বার চোট পান তিনি? এবার সেই প্রশ্নের উত্তর খুঁজলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা। দিলেন বুমরাহর চোটমুক্ত ভবিষ্যতের পথনির্দেশও।

এক অনুষ্ঠানে ম্যাকগ্রা স্পষ্ট করে বলেন, বুমরাহর বোলিং অ্যাকশনই তাঁর বারবার চোট পাওয়ার মূল কারণ। তিনি ব্যাখ্যা করেন, “ও ধীরে দৌড় শুরু করে। কিন্তু ডেলিভারির সময় আচমকা গতি বাড়ায়। হাতের মুভমেন্টও অন্য রকম। এতে কোমরে ভয়ানক চাপ পড়ে। আর সেই কারণেই ও বার বার চোট পায়।” চোটের ছায়া থেকে মুক্তি পেতে ম্যাকগ্রার মতে, বুমরাহর অন্তত একটি গোটা মরসুম মাঠের বাইরে থাকা উচিত।

বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে অতিরিক্ত ম্যাচ খেলায় ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ কমে গিয়েছে। বুমরাহ তিন ফরম্যাটে খেলার কারণে তার ধকল বেশি অনুভব করেন। ম্যাকগ্রা বলেন, “বিশ্রামের জন্য কয়েক দিন নয়, দরকার একটা দীর্ঘ বিরতি। তবেই শরীর পুরোপুরি সেরে উঠবে এবং দীর্ঘ সময় ধরে খেলা সম্ভব হবে।”

এছাড়া, বুমরাহর ওপর চাপ কমাতে দলের অন্যান্য পেসারদের দায়িত্ব ভাগ করে নেওয়ার পরামর্শ দেন ম্যাকগ্রা। তাঁর মতে, “টিম হিসেবে খেলতে হবে। প্রত্যেকে সামান্য চাপ ভাগ করে নিলে বুমরাহকে টেনে অনেকটা দূর নিয়ে যাওয়া যাবে।” এই পরামর্শেই ভবিষ্যতের জন্য নতুন রণনীতি খুঁজছে টিম ইন্ডিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.