কালীপুজোর রাতে মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার পরিকল্পনা রয়েছে? নৈহাটি, বারাসত, মধ্যমগ্রাম কিংবা শ্যামনগরের পুজো দেখতে গিয়ে শেষ ট্রেন মিস হওয়ার চিন্তা এবার অনেকটাই কমতে পারে। উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে শিয়ালদহ ডিভিশনে একাধিক নাইট স্পেশাল লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১১ নভেম্বর পর্যন্ত শিয়ালদহ ডিভিশনে আপ ও ডাউন মিলিয়ে মোট ৬ জোড়া বিশেষ ইএমইউ লোকাল চলবে। শিয়ালদহ, ডানকুনি, বারাসত, বনগাঁ, হাসনাবাদ, রানাঘাট এবং ব্যারাকপুর রুটে মিলবে এই পরিষেবা।
**আপ লাইনের ট্রেনের সময়সূচি**
– **শিয়ালদহ–ডানকুনি:** রাত ১১টায় ছেড়ে পৌঁছবে ১১টা ৪২ মিনিটে।
– **শিয়ালদহ–বারাসত:** রাত ১২টা ৫০ মিনিটে ছেড়ে পৌঁছবে রাত ১টা ৩৫ মিনিটে।
– **বারাসত–হাসনাবাদ:** রাত ১টা ১০ মিনিটে ছেড়ে পৌঁছবে রাত ২টো ৩৬ মিনিটে।
– **বারাসত–বনগাঁ:** রাত ১টা ৫০ মিনিটে ছেড়ে পৌঁছবে রাত ৩টেয়।
– **শিয়ালদহ–রানাঘাট:** রাত ১২টা ৪০ মিনিটে ছেড়ে পৌঁছবে রাত ২টো ৩০ মিনিটে।
– **শিয়ালদহ–ব্যারাকপুর:** রাত ১২টা ৩০ মিনিটে ছেড়ে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।
**ডাউন লাইনের ট্রেনের সময়**
– **ডানকুনি–শিয়ালদহ:** রাত ১১টা ৫৫ মিনিটে ছাড়বে।
– **বারাসত–শিয়ালদহ:** রাত ১টা ১০ মিনিটে ছাড়বে।
– **বনগাঁ–বারাসত:** রাত ১১টায় ছাড়বে।
– **হাসনাবাদ–বারাসত:** রাত ১১টা ৩০ মিনিটে ছাড়বে।
– **রানাঘাট–শিয়ালদহ:** রাত ১১টা ৪৫ মিনিটে ছাড়বে।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে রানাঘাট ও বারাসত স্টেশনে একটি করে ইএমইউ রেক স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজন অনুযায়ী সেখান থেকে অতিরিক্ত ট্রেন চালানো হতে পারে। কালীপুজোর দিন মেন লাইনে এসি লোকাল চালানোর ব্যবস্থাও থাকছে।
এদিকে, নৈহাটি জংশনেও সাময়িকভাবে বদলাচ্ছে ট্রেন চলাচলের ব্যবস্থা। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮ থেকে ১৩ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ১২টা পর্যন্ত নৈহাটি স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে কোনও ট্রেন চলবে না। ওই সময়ে ৫ ও ৬ নম্বর প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে।
নৈহাটি ও বারাসতের পাশাপাশি মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর এবং শ্যামনগরের কালীপুজোতেও প্রতি বছর বহু মানুষের সমাগম হয়। রাতের দিকে বাড়ি ফেরার যাতায়াত সহজ করতেই পূর্ব রেলের এই বিশেষ উদ্যোগ। তবে যাত্রার আগে সংশ্লিষ্ট স্টেশন বা রেলের ঘোষণায় সময়সূচি যাচাই করে নেওয়া ভালো।







