কাশ্মীরের বরফঢাকা পাহাড়ে ফুটবলের যে আবেগ একসময় নতুন আশার আলো দেখিয়েছিল, আজ সেই স্বপ্নই ভেঙে পড়ার মুখে। ভারতীয় ফুটবলে কাশ্মীরের প্রতিনিধি রিয়াল কাশ্মীর এফসি হয়তো আর দেখা যাবে না আগামী মরশুমে। ফেডারেশনের উদাসীনতা ও অনিশ্চিত সূচির জেরে ক্লাব কর্তৃপক্ষ দল গঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্রের খবর। দেশের ফুটবল মৌসুম কবে শুরু হবে, সেই প্রশ্নের উত্তরই এখনও নেই এআইএফএফ-এর কাছে।
২০১৬ সালে প্রতিষ্ঠিত রিয়াল কাশ্মীর শুধু একটি ক্লাব নয়, কাশ্মীরের মানুষের গর্বের প্রতীক ছিল। আই লিগের দ্বিতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবং টানা সাত মরশুম শীর্ষ স্তরে খেলে নিজেদের প্রতিষ্ঠিত করেছিল তারা। বিদেশের মাটিতেও ভারতীয় পতাকা উড়িয়ে এনেছিল সম্মান। গত মরশুমে আই লিগে তৃতীয় স্থান অর্জন করেছিল রিয়াল কাশ্মীর, যা প্রমাণ করেছিল তাদের ধারাবাহিকতা ও লড়াইয়ের মানসিকতা।
কিন্তু এআইএফএফের টালবাহানা সেই ধারাকে থামিয়ে দিয়েছে। আইএসএলের টেন্ডার প্রক্রিয়া বিলম্বিত হওয়ায়, আই লিগ নিয়েও দেখা দিয়েছে প্রবল ধোঁয়াশা। ১৫ অক্টোবরের মধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েও এখন পর্যন্ত কোনও সুনির্দিষ্ট ঘোষণা দিতে পারেনি ফেডারেশন। ফলে ছোট বাজেটের ক্লাবগুলির অস্তিত্বই বিপন্ন হয়ে পড়েছে।
কাশ্মীরের ফুটবলে যে আবেগ, যে আশাবাদ জন্ম নিয়েছিল রিয়াল কাশ্মীরের হাত ধরে, তা আজ ভেঙে পড়ার পথে। ফুটবল প্রশাসনের এই গাফিলতি শুধু একটি ক্লাব নয়, সমগ্র কাশ্মীরের ক্রীড়াস্বপ্নকেই অন্ধকারে ঠেলে দিচ্ছে।







