চলতি বছরের টি-২০ বিশ্বকাপের পরবর্তীতে ভারতের সিনিয়র দলের সব সদস্য বাংলাদেশের বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথমবারের মতো বাইশ গজে ফিরেছে। দলের সিনিয়র খেলোয়াড়রা বাংলাদেশের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচও খেলেছেন। সঙ্গে রাহুল দ্রাবিড়ও একই সিরিজে ফের কোচ হিসেবে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে প্রথম ম্যাচেই বাংলাদেশের কাছে পরাজিত টিম ইন্ডিয়া। এহেন আবহেই ভারতীয় শিবিরে অন্য সুর।
রাহুল দ্রাবিড়কে সরানো হতে পারে। টেস্ট, ওয়ানডে এবং টি-২০’র জন্য ভিন্ন কোচের পরিকল্পনা রয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। সমস্ত কিছু পরিকল্পনা মাফিক চললে জানুয়ারিতেই ভারতীয় টি-২০ দলের জন্য নতুন কোচিং স্টাফদের নাম ঘোষণা করা হবে। অর্থাৎ তেইশের গোড়ায় নয়া কোচের তত্ত্বাবধানেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে মেন ইন ব্লুজ, এমনটাই সূত্রের খবর।
বোর্ডের এক আধিকারিকের সাফ বক্তব্য, ‘আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। রাহুল দ্রাবিড় বা কারও ক্ষমতার উপর সন্দিহান নয়। তবে ঠাসা সূচির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এবং টি-২০’তে বিশেষজ্ঞ কাউকে বোর্ড আনতে চাইছে। টি-টোয়েন্টি এখন ভিন্ন ধরনের খেলা। এত সূচি মেনে নিয়মিত ইভেন্ট খেলার জন্য আমাদেরও পরিবর্তন করতে হবে। আমি নিশ্চিত করতে পারি যে, ভারত শীঘ্রই একটি নতুন টি-২০ কোচিং সেট আপ করবে।’ যার জেরে চর্চা সর্বত্র।







