খেলাধুলা

এশিয়া কাপে হেরে নেতৃত্ব হারাচ্ছেন সলমন, পাকিস্তান দলের নতুন আশা শাদাব খান!

এশিয়া কাপে ভারতের কাছে পরপর তিন পরাজয় যেন পাকিস্তান ক্রিকেটে ভূমিকম্প এনে দিয়েছে। একদিকে সমর্থকদের ক্ষোভ, অন্যদিকে দলের ব্যর্থতা—সব মিলিয়ে নেতৃত্বের আসনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। আলোচনার কেন্দ্রে এখন সলমন আলি আঘা। তাঁর অধিনায়কত্বে দলের ধারাবাহিক ব্যর্থতা পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভাবাচ্ছে। সূত্রের খবর, খুব শিগগিরই তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হতে পারে।

নতুন নেতৃত্বের মুখ হিসেবে উঠে আসছেন শাদাব খান। চোটের কারণে কিছুদিন মাঠের বাইরে থাকলেও, ফিটনেস ফিরে পাওয়ার পর আবার পাকিস্তান দলে প্রত্যাবর্তন করবেন তিনি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্বের অভিজ্ঞতা থাকা শাদাবকে বোর্ডের একাংশ “সঠিক দিশা দেখাতে সক্ষম” নেতা হিসেবে দেখছে। অস্ত্রোপচারের আগে তিনি ছিলেন টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক, ফলে তাঁর হাতে ব্যাটন উঠলে তা হবে প্রত্যাবর্তনের প্রতীকী মুহূর্ত।

শাদাব ইতিমধ্যেই ৭০টি ওয়ানডে ও ১১২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন জাতীয় দলের হয়ে। তাঁর নেতৃত্বে স্থিরতা ও কৌশলগত পরিপক্বতা প্রত্যাশা করছে ক্রিকেটমহল। জুন মাসে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার মাঠে দেখা গিয়েছিল তাঁকে। রিহ্যাব পর্ব শেষ করে নভেম্বরের মাঝামাঝি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে মাঠে ফেরার সম্ভাবনা প্রবল।

পাকিস্তান ক্রিকেটে নেতৃত্বের এই পরিবর্তন কেবল কৌশল নয়, আত্মসম্মান পুনরুদ্ধারের লড়াইও বটে। ভারতের কাছে টানা হারের ধাক্কা কাটিয়ে নতুন উদ্যমে শুরু করতে চাইছে দল। আর সেই নতুন শুরুয়াতের নায়ক হতে পারেন শাদাব খান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.