জেলা

কলকাতার পর হুগলিতে ভূমিধসের আতঙ্ক

কলকাতার পর এবার হুগলির কানাইপুরে বাড়ি-দোকান ধসে পড়ার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গঙ্গানগর এলাকার একটি পুকুর থেকে অবাধে জল তোলায় এই দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

পঞ্চায়েত সূত্রে জানা যায়, এক ব্যক্তি এই পুকুর লিজ নিয়ে গত কয়েকদিন ধরে পাম্প দিয়ে জল তুলে আসছিলেন। পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এভাবে জল তোলায় পুকুর পাড়ের মাটি নরম হয়ে পড়ে এবং একটি বাড়ি ও একটি দোকান ধসে পড়ে।
মঙ্গলবার সকালে স্থানীয়রা এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে পৌঁছে কানাইপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ ও পঞ্চায়েতের ইঞ্জিনিয়াররা পরিস্থিতি খতিয়ে দেখেন। পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার সজল ঘোষ বলেন, “পুকুর থেকে এভাবে জল তুলে ফেলার কারণে বাড়িগুলোর পিছনের মাটি নরম হয়ে গিয়েই এভাবে ধস নামার ঘটনা। যত দ্রুত সম্ভব পুকুর পাড় ভালোভাবে বাঁধিয়ে দিতে হবে। বাড়িগুলিতে ভালোভাবে পাইলিং করে সুরক্ষিত করতে হবে। না হলে এই বাড়ি আর দোকান আরও হেলে পড়ার সম্ভবনা রয়েছে।”

ক্ষতিগ্রস্ত দোকানের মালিক কার্তিকচন্দ্র দাস বলেন, “গত কয়েকদিন ধরেই দোকানের পিছনের পুকুর থেকে জল তোলা হচ্ছিল। পুকুরটা সেভাবে বাঁধানো নেই। জল কমে যাওয়ার ফলেই আজ দোকানের পিছনে বড় ধস নেমেছে। পুকুর থেকে এভাবে জল তোলার জন্য কোনও সুরক্ষা ব্যবস্থা অবলম্বন করা বা অনুমতিও নেওয়া হয়নি।”

ক্ষতিগ্রস্ত হওয়া বাড়ির মালিক অর্চনা বিশ্বাস বলেন, “আজ সকালে হঠাৎ দেখি আমার বাড়ির পিছনে ধস নেমে পুকুরের দিকে বেশ কিছু অংশ চলে গিয়েছে। পঞ্চায়েতের কাছে আমার অনুরোধ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।”

পঞ্চায়েতের উপপ্রধান ভবেশ ঘোষ জানান, “সকালে খবর পেয়েই আমি এখানে ছুটে আসি। পঞ্চায়েতের ইঞ্জিনিয়ারদেরও ডেকে পাঠাই। সকলেই বিষয়টি দেখেছি। পুকুর থেকে এভাবে জল তুলে নেওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। যে ব্যক্তি এই পুকুর লিজ নিয়ে কাজ করছিল তাঁকে ডেকে পাঠিয়েছি। যে বাড়ি আর দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে সেগুলো নিয়ে কী ব্যবস্থা করা যায়, দ্রুত আলোচনায় বসে তা ঠিক করা হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.