পশ্চিম মেদিনীপুর জেলার সবং এর দেউলী কলসবাড় রামকৃষ্ণ বিদ্যাপীঠে দেশবরেণ্য নবজাগরণের পথিকৃৎ, বর্ণপরিচয়ের স্রষ্টা পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মূর্তি উন্মোচন করেন দশগ্রাম সতীশচন্দ্র সর্বার্থসাধক শিক্ষাসদনের প্রধান শিক্ষক, বিবেকানন্দ গবেষক যুগল কিশোর প্রধান। উন্মোচক সহ আগত অতিথিবৃন্দরা বিদ্যাসাগরের জীবন দর্শন ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। এমন অজেয় পৌরুষ ও অক্ষয় মনুষ্যত্বের মহামানবকে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করায় এলাকাবাসী সহ ছাত্রছাত্রীরা ভীষণ খুশি।
অনুষ্ঠান ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যথেষ্ট সাড়া ছিলো। সান্ধ্যকালীন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের দ্বারা দুটি নাটক “ঝালাপালা” ও “সূর্য সাক্ষী” পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নরেন্দ্রনাথ মাইতি বলেন, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বাদল চন্দ্র মেইকাপ ও এলাকাবাসীর সহযোগিতায় ও অর্থানুকূল্যে মহামানবের মূর্তি বিদ্যালয় প্রাঙ্গনে প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আদর্শবান, চরিত্রবান ও দানশীল মানসিকতার মানুষ তৈরি করা আমাদের বিদ্যালয়ের প্রধান উদ্দেশ্য।







