জেলারাজনীতি

মুর্শিদাবাদে ‘তৃণমূলের ঘাঁটি কাঁপাবে’ হুমায়ুন কবীরের দল, বিস্ফোরক দাবি শুভেন্দুর

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান:
তৃণমূল থেকে বিদ্রোহ করে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবীর। আর তাঁর এই সিদ্ধান্ত ঘিরেই রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু মুর্শিদাবাদ। রবিবার বর্ধমানে বিজেপির কর্মসূচিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দাবি করলেন— “হুমায়ুন কবীর যদি সত্যিই নতুন দল গঠন করেন, তবে মুর্শিদাবাদে তৃণমূলের ঘাঁটিতে বড় ধাক্কা লাগবে। ওই জেলার ২২টি আসনে কংগ্রেস-সিপিএম জোট ও বিজেপি সুবিধা পাবে।”

বিজেপি নেতা আরও বলেন, “মুর্শিদাবাদে তৃণমূলকে সংগঠিত করা সহজ কাজ ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায়, মুকুল রায়, পূর্ণেন্দু বসু, ইন্দ্রনীল সেন— অনেকে চেষ্টা করেছেন, কিন্তু সফল হননি। ২০০৫ সালে আমাকে দায়িত্ব দেওয়ার পর থেকে আমি গোটা মুর্শিদাবাদকে তৃণমূলময় করেছিলাম। মুর্শিদাবাদে তৃণমূলের শক্তি বৃদ্ধিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও ভূমিকা ছিল না।”

শুভেন্দুর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া। কংগ্রেস নেতা সৌম্য আইচ কটাক্ষ করে বলেন, “মনে হচ্ছে শুভেন্দুবাবুর তৃণমূলপ্রেম ফের জেগে উঠেছে। এখন উনিই তৃণমূলের ভাল-মন্দ বিচার করছেন!” তাঁর আরও মন্তব্য, “আমরা তো বরাবরই বলি তৃণমূল মানেই বিজেপি, আর বিজেপি মানেই তৃণমূল। পতাকা আলাদা হলেও উৎস এক— আরএসএস।”

রবিবার বর্ধমান শহরে জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত হয় ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। রাজ্যজুড়ে তৃণমূল সরকারের দুর্নীতি, নারী নির্যাতন, খুন এবং এসআইআর ইস্যুতে ‘মিথ্যাচার’-এর প্রতিবাদে এই কর্মসূচি হয়। বর্ধমানের বড় নীলপুর মোড় থেকে কার্জন গেট পর্যন্ত মিছিলের পর সভা করেন শুভেন্দু অধিকারী। সভায় উপস্থিত ছিলেন জেলা সভাপতি অভিজিৎ তা ও রাজ্য কমিটির সদস্য সন্দীপ নন্দী-সহ দলের নেতৃত্ব।

বিজেপির দাবি, প্রথমে প্রশাসন এই সভার অনুমতি দেয়নি। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে সভা করার অনুমতি মেলে।

এদিকে, ভোটার তালিকার বিশেষ সংশোধন এবং SIR–NRC বিতর্ককে ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূলের অভিযোগ, প্রশাসনিক ত্রুটির সুযোগ নিয়ে বিজেপি মানুষকে বিভ্রান্ত করছে। অন্যদিকে, বিজেপির দাবি, মৃতদের নাম নিয়েও রাজনীতি করছে তৃণমূল।

এই প্রেক্ষিতেই রবিবার শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে আক্রমণ শানিয়ে বলেন, “২১-এর নির্বাচনের সময় যেমন উনি CAA-কে NRC বলে প্রচার করেছিলেন, এখন SIR নিয়েও ভয় দেখাচ্ছেন। লাগাতার হিন্দু-মুসলমান উস্কানি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। না হিন্দুর উপকার করেছেন, না মুসলমানের।”

তৃণমূল বনাম বিজেপি দ্বন্দ্বের মাঝখানে হুমায়ুন কবীরের নতুন দল মুর্শিদাবাদে কী প্রভাব ফেলবে, তা নিয়েই এখন জোর জল্পনা রাজনৈতিক মহলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.