বেঙ্গালুরু : ভারতীয় ক্রিকেটের জন্য বড় সতর্কবার্তা বয়ে আনল দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর পারফরম্যান্স। যে ম্যাচ ভারত ‘এ’ দল হেসেখেলে জিতবে বা অন্তত ড্র করবে বলে মনে করা হয়েছিল, সেটিতেই অবিশ্বাস্যভাবে পরাজিত হতে হল ঘরের মাঠে। চতুর্থ ইনিংসে ৪১৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পাঁচ উইকেটে জয় তুলে নিল দক্ষিণ আফ্রিকা ‘এ’।
বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে অনুষ্ঠিত এই দ্বিতীয় বেসরকারি টেস্টে একেবারেই ব্যর্থ হলেন ভারতের বোলাররা। মহম্মদ সিরাজ, আকাশদীপ, কুলদীপ যাদবের অভিজ্ঞ বোলিং আক্রমণ প্রোটিয়া ব্যাটারদের কোনও সমস্যায় ফেলতে পারেনি।
প্রোটিয়া শিবিরে কেউ শতরান না পেলেও দলগত পারফরম্যান্সেই জয় নিশ্চিত হয়েছে। জর্ডান হারমান ১২৩ বলে ৯১, লেসেগো সেনোকওয়ানে ও জুবেইর হামজা ৭৭ করে, অধিনায়ক টেম্বা বাভুমা ৫৯ এবং কনর এস্তারহুইজ়েন অপরাজিত থেকে জয়ের রান তুলেছেন।
অন্যদিকে, ভারতীয় বোলারদের পরিসংখ্যান হতাশাজনক। সিরাজ ১৭ ওভারে ১ উইকেটের জন্য খরচ করেছেন ৫৩ রান, আকাশদীপ ২২ ওভারে দিয়েছেন ১০৬ রান। কুলদীপ যাদব ১৭ ওভারে ৮১ রান দিলেও উইকেটহীন। প্রসিদ্ধ কৃষ্ণ ২টি এবং হর্ষ দুবে ১টি উইকেট পেয়েছেন, কিন্তু রানরোধে ব্যর্থ হয়েছেন সকলে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’-এর এই জয় ভারতের কাছে টেস্ট সিরিজ শুরুর আগে স্পষ্ট বার্তা—হালকা করে নিলে শাস্তি পেতেই হবে। শুক্রবার থেকেই শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট। তার আগেই প্রোটিয়াদের এই পারফরম্যান্স টিম ইন্ডিয়ার জন্য এক বড় হুঁশিয়ারি।







