Uncategorizedখেলাধুলা

এশিয়া কাপ ফাইনালের দিনই পাল্টাবে বোর্ডের নেতৃত্ব, উত্তরসূরি খুঁজছে বিসিসিআই

ভারতীয় ক্রিকেট বোর্ডে আসছে বড়সড় পরিবর্তন। আগামী ২৮ সেপ্টেম্বর, যেদিন এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে দুই সেরা দল, সেদিনই ঠিক হবে দেশের ক্রিকেট প্রশাসনের আগামী তিন বছরের ভবিষ্যৎ। বার্ষিক সাধারণ সভায় নির্বাচিত হবেন নতুন সভাপতি। বয়সসীমার কারণে পদ ছাড়ছেন রজার বিন্নী। এখন সবার নজর, তাঁর আসন দখল করবেন কে?

বোর্ড সচিব দেবজিৎ শইকীয়া ইতিমধ্যেই রাজ্য সংস্থাগুলিকে চিঠি পাঠিয়েছেন। সকাল ১১.৩০ থেকে শুরু হবে নির্বাচন প্রক্রিয়া। শুধু সভাপতি নয়, সহ-সভাপতি, সচিব, যুগ্ম-সচিব ও কোষাধ্যক্ষ— সব গুরুত্বপূর্ণ পদেই নতুন করে ভোট হবে। একই সঙ্গে গঠন হবে বোর্ডের অ্যাপেক্স কাউন্সিল, আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল। ফলে এই সভা ঘিরে প্রত্যাশার পারদ চড়েছে সর্বত্র।

শোনা যাচ্ছে, সচিব হিসেবে শইকীয়া, যুগ্ম-সচিব পদে রোহন দেসাই এবং কোষাধ্যক্ষ হিসাবে প্রভতেজ সিংহ থাকছেন আরও একটি মেয়াদে। তবে সভাপতি ও সহ-সভাপতির আসন নিয়ে এখনই তৈরি হয়েছে ধোঁয়াশা। বোর্ড মহলে জোর জল্পনা— এবার হয়তো কোনও বড় প্রাক্তন ক্রিকেটারের হাতে দায়িত্ব তুলে দেওয়া হতে পারে। আপাতত অন্তর্বর্তীকালীন সভাপতির ভূমিকা সামলাচ্ছেন রাজীব শুক্ল।

এবারের নির্বাচন লোধা কমিটির সুপারিশ মেনে করা হচ্ছে। তবে ছ’মাসের মধ্যে নতুন ক্রীড়ানীতি কার্যকর হলে ফের ভোট হতে পারে। কিন্তু আপাতত সব কৌতূহল এক জায়গায়— রজার বিন্নীর বিদায়ের পর কে হবেন ভারতীয় ক্রিকেট প্রশাসনের নতুন মুখ। এশিয়া কাপের ফাইনালের উত্তেজনার মাঝেই তাই নজর থাকবে বোর্ড দফতরের ভোটবাক্সের দিকেও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.