জেলা

তারকেশ্বরে বোমাবাজির পুরনো মামলা! গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ ঘোষ, উত্তাল রাজনৈতিক মহল

তারকেশ্বরের রাজনীতিতে ফের উত্তেজনা। পুরনো মামলার জেরে গ্রেফতার হলেন তৃণমূল নেতা স্বরূপ ঘোষ। হুগলির সন্তোষপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তিনি। তাঁর বিরুদ্ধে অভিযোগ ২০১০ সালের বোমাবাজি এবং ২০১৪ সালে বিরোধী দলের কর্মীদের বাড়িতে হামলা চালানোর। দুই ঘটনাই সেই সময় উত্তেজনা ছড়িয়েছিল এলাকায়। মামলা গড়ায় আদালতে, কিন্তু এতদিন পর্যন্ত একাধিকবার সমন জারি হলেও হাজিরা দেননি স্বরূপ ঘোষ।

অবশেষে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। শনিবার সন্ধেয় তাকে গ্রেফতার করে তারকেশ্বর থানার পুলিশ। আজ ধৃতকে তোলা হয় চন্দননগর মহকুমা আদালতে। ঘটনায় শাসকদলের অন্দরে চাঞ্চল্য ছড়িয়েছে।

এই বিষয়ে তৃণমূলের তারকেশ্বর ব্লক সভাপতি প্রদীপ সিংহরায়ের প্রতিক্রিয়া, “মামলাটা প্রায় ন’বছর আগের। তখন সিপিএম বিরোধী আন্দোলন তুঙ্গে। সেই সময় অনেকেই একসঙ্গে লড়াই করেছিলেন। আদালতে হাজিরা না দেওয়ার কারণেই এই পরিণতি। তবে আমরা চাই দ্রুত জামিন পান তিনি।”

তবে প্রশ্ন উঠছে, পুরনো এই মামলা কি এখন হঠাৎ সক্রিয় হল? নাকি এর পিছনে রয়েছে কোনও রাজনৈতিক উদ্দেশ্য? যদিও প্রদীপবাবু বলেন, “পরিকল্পিত কি না, বলা মুশকিল। তবে ২০১৪ সালের মামলায় কোনও ওয়ারেন্ট ছিল না।”

স্বরূপ ঘোষের গ্রেফতার ঘিরে ফের সরগরম তারকেশ্বরের রাজনৈতিক মহল। ভোটের আগে এমন ঘটনায় উদ্বেগ বাড়ছে শাসক শিবিরে। পুলিশের পরবর্তী পদক্ষেপ এবং আদালতের রায় এখন চূড়ান্তভাবে নজরে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.