বলিউডের চিরসবুজ রূপকথা, রূপের দেবী মধুবালার জীবনকে বড়পর্দায় তুলে ধরার স্বপ্ন আপাতত ধাক্কা খেল। পরিচালক জসমিত কে রীন—যিনি ‘ডার্লিংস’-এর পর দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন—তাঁর নেতৃত্বে তৈরি হতে চলা বিশাল ক্যানভাসের এই পিরিয়ড ড্রামাটি আপাতত অনির্দিষ্টকালের জন্য বন্ধ।
প্রাথমিক বাজেট ছিল প্রায় ৮০ কোটি টাকা, যার অনেকটাই খরচ হতো পুরনো যুগের বিশদ সেট, রাজকীয় পোশাক, বিশাল দৃশ্যপট এবং মধুবালার জীবনের সংবেদনশীল উপস্থাপনায়।
কিন্তু সমস্যা? এত বড় বাজেটের প্রজেক্ট থেকে শুধুমাত্র প্রেক্ষাগৃহে মুক্তির মাধ্যমে লগ্নি আদায় কঠিন। সোনি পিকচার্স, ব্রিউইং থটস ও মধুবালা পিকচার্স—এই তিন সংস্থার যৌথ প্রযোজনায় হওয়া ছবির জন্য আপাতত ব্রেক টানা হয়েছে।
যে অভিনেত্রীদের নিয়ে মূল চরিত্রে কাস্টিং নিয়ে চলছিল জোর আলোচনা, তাও বন্ধ রাখা হয়েছে। তবে নির্মাতাদের আশা, বছর শেষে নতুন বাজেট পরিকল্পনা তৈরি হলে আবার ফিরবে মধুবালার জাদু!







