রাজ্যে এমবিবিএস ও ডেন্টাল প্রথম বর্ষে ভর্তি প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সোমবার রাতেই স্বাস্থ্যভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আপাতত মেডিক্যাল ও ডেন্টালের কাউন্সেলিং এবং ভর্তি প্রক্রিয়া বন্ধ রাখা হচ্ছে। তবে বিজ্ঞপ্তিতে কোনও কারণ বা সময়সীমা উল্লেখ করা হয়নি।
স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই রাজ্যের হাজার হাজার মেডিক্যাল-ডেন্টাল প্রার্থী এবং তাঁদের পরিবারে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তার গুঞ্জন। সূত্রের দাবি, ওবিসি সংরক্ষণ নিয়ে জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এই প্রেক্ষাপটে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এক পোস্টে তীব্র সমালোচনা করে লিখেছেন—
“রাজ্যে মেডিক্যালে ভর্তির ভবিষ্যৎ অনিশ্চিত। হঠাৎ করেই পশ্চিমবঙ্গ সরকার একটি ‘জরুরি বিজ্ঞপ্তি’ করে অনির্দিষ্টকালের জন্য মেডিক্যাল-ডেন্টাল কাউন্সেলিং ও ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে। ফলে রাজ্যের হাজার হাজার মেডিক্যালপ্রার্থী ও তাঁদের অভিভাবকরা দিশাহারা হয়ে পড়েছেন।”
সুকান্তর অভিযোগ, রাজনৈতিক স্বার্থে একটি নির্দিষ্ট গোষ্ঠীকে তুষ্ট করার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাঁর প্রশ্ন—
“সংরক্ষণের নামে কি কোনও বিশেষ গোষ্ঠীকে সুবিধা পাইয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে?”
রাজনৈতিক কটাক্ষ ছুঁড়ে তিনি বলেন, “পরীক্ষায় সফল ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে কার্যত অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে।”
স্বাস্থ্যভবন এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। ভর্তি প্রক্রিয়া কতদিন বন্ধ থাকবে বা কবে থেকে পুনরায় শুরু হতে পারে, তাও অজানা। এর ফলে রাজ্যে মেডিক্যাল ভর্তিকে কেন্দ্র করে অনিশ্চয়তা আরও বেড়েছে।







