ইউরোপের নিরাপত্তা নিয়ে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের হাই-প্রোফাইল বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দিলেন— প্রয়োজনে যে কোনও সামরিক পদক্ষেপে নেতৃত্ব দিতে প্রস্তুত আমেরিকা। শুধু তাই নয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাঁধে হাত রেখে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
বুধবার রাত (ভারতীয় সময় রাত সাড়ে ১০টা নাগাদ) ওয়াশিংটনে এই বৈঠক ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক মহলে চর্চা তুঙ্গে। ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহে এই বৈঠক কতটা তাৎপর্যপূর্ণ, সেই দিকেই তাকিয়ে বিশ্ব রাজনীতি।
ট্রাম্প–জেলেনস্কি বৈঠক
এদিন কালো রঙের স্যুট পরে হাজির হন ইউক্রেন প্রেসিডেন্ট। সেটির প্রশংসা করতেও ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। করমর্দনের পাশাপাশি ট্রাম্প স্পষ্ট বলেন, “ইউক্রেনের পাশে রয়েছে আমেরিকা।” জবাবে জেলেনস্কি জানান, যুদ্ধ থামাতে কূটনৈতিক উপায় খুঁজে বের করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
অতীতের অভিজ্ঞতা অবশ্য সুখকর ছিল না। এর আগে, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠক কার্যত ভেঙে যায়। এমনকি ইউক্রেন প্রেসিডেন্টকে প্রায় ‘ঘাড়ধাক্কা’ দিয়ে বের করে দেন ট্রাম্প। সেই প্রেক্ষিতে বুধবারের বৈঠক ছিল বাড়তি নজরে।
রহস্য বাড়াল চিঠি
বৈঠকের আগে মার্কিন প্রেসিডেন্টের হাতে একটি বিশেষ চিঠি তুলে দেন জেলেনস্কি। সূত্রের খবর, সেই চিঠি লিখেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি, ওলেনা ভোলোদিমিরিভনা। আন্তর্জাতিক মহলের প্রশ্ন— যুদ্ধ থামানোর কোনও বার্তা কি রয়েছে সেই চিঠিতে?
সামরিক হস্তক্ষেপ কি আসন্ন?
বৈঠক শেষ হতেই আলোড়ন আরও বাড়িয়েছে ট্রাম্পের পুতিনকে ফোন। এরপরই জল্পনা— তবে কি ইউক্রেনের মাটিতে নামতে চলেছে মার্কিন সেনা? আন্তর্জাতিক মহলে এখন সেই আলোচনাই তুঙ্গে।







