মধ্যপ্রদেশের ইন্দোরে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা, যা যেন হুবহু সিনেমার পর্দা থেকে উঠে এসেছে। প্রেমিককে বিয়ে করার জন্য বাড়ি থেকে পালালেন ফাইনাল ইয়ারের বিবিএ ছাত্রী শ্রদ্ধা তিওয়ারি। কিন্তু মাত্র সাত দিন পরই ফিরলেন নতুন স্বামী করণদীপকে সঙ্গে নিয়ে—যিনি আবার পেশায় ইলেকট্রিশিয়ান।
ঘটনার শুরু সার্থক নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে। ঠিক ছিল, রেলস্টেশনে দেখা করে তাঁরা পালিয়ে গিয়ে বিয়ে করবেন। কিন্তু নির্ধারিত সময়ে সার্থক হাজির না হওয়ায় একা ট্রেনে চড়ে বসেন শ্রদ্ধা। আশ্চর্যের বিষয়, সেই ট্রেনেই ছিলেন ইন্দোরের এক কলেজের ইলেকট্রিশিয়ান করণদীপ, যাঁর সঙ্গেও নাকি শ্রদ্ধার ঘনিষ্ঠতা ছিল। ট্রেনযাত্রার মাঝেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে দু’জনে মান্দসৌরে নেমে মাহেশ্বরের এক মন্দিরে গাঁটছড়া বাঁধেন। সেখান থেকে সোজা সনওয়ারিয়া সেঠ দর্শন করে তাঁরা ফিরে আসেন ইন্দোর থানায়।
তবে পুলিশ জানিয়েছে, শ্রদ্ধার বয়ানে বেশ কিছু অস্পষ্টতা আছে। বিয়ের বৈধতা যাচাই করতে শংসাপত্র জমা দিতে বলা হয়েছে তাঁকে। অন্যদিকে সার্থক দাবি করেছেন, কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে শ্রদ্ধার কোনও যোগাযোগ ছিল না।
অভিভাবক অনিল তিওয়ারি মেয়ের এই আচরণে হতবাক। তিনি জানান, মেয়েকে ফেরাতে টাকা পাঠালেও শ্রদ্ধা করণদীপের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর অভিযোগ, মেয়ের মানসিক অবস্থা স্থিতিশীল নয়। করণদীপ নাকি নিজেই বলেছেন, শ্রদ্ধা আত্মহত্যার চেষ্টা করছিলেন, তখনই তিনি বাঁচিয়ে নেন—এরপরেই বিয়ের সিদ্ধান্ত।
অবিশ্বাস্য হলেও সত্যি, মেয়েকে ফিরিয়ে আনার জন্য কুসংস্কারেরও আশ্রয় নিয়েছিলেন অনিল। তাঁর বিশ্বাস, বাড়িতে মেয়ের ছবি উল্টো করে টাঙিয়ে রাখার ফলেই শ্রদ্ধা ফিরে এসেছে।
উল্লেখ্য, ২৩ অগস্ট রাত দু’টো নাগাদ সিসিটিভিতে ধরা পড়ে মোবাইল ছাড়া বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন শ্রদ্ধা। এরপর প্রায় এক সপ্তাহ তাঁর খোঁজ মিলছিল না। পরিবার এমনকি ঘোষণা করেছিল, যে খোঁজ দেবে তাকে ৫১ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
তবে শেষমেশ অনিল তিওয়ারি মেনে নেন, “শ্রদ্ধা এখন প্রাপ্তবয়স্ক। একা থাকার বা নিজের মতো করে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ওরই আছে।”







