খেলাধুলা

‘ভারতের কপালে দুঃখ আছে’, এশিয়া কাপের আগে হুশিয়ারি পাক অধিনায়কের

এশিয়া কাপ মানেই ভারত-পাকিস্তান লড়াই ঘিরে আলাদা আবেগ। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তার আগে আগুনে বার্তা দিলেন পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আঘা। আফগানিস্তানের বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজে দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসী সলমন স্পষ্ট জানিয়ে দিলেন, স্পিন আক্রমণে বিপাকে পড়বে সূর্যকুমার যাদবরা। তাঁর মন্তব্য, “এ বার ভারতের কপালে দুঃখ আছে।”

আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনালে পাকিস্তান দেখিয়েছে ভয়ঙ্কর রূপ। মাত্র ১৪২ রান তুলেও তাদের বোলাররা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়েছে ৬৬ রানে। হ্যাটট্রিকসহ ৫ উইকেট নিয়েছেন মোহাম্মদ নওয়াজ। সেই পারফরম্যান্সেই খুশি অধিনায়ক। তিনি জানান, পরিস্থিতি অনুযায়ী এক বা একাধিক স্পিনার খেলিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলবে পাকিস্তান। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সব বিভাগেই দল এখন সঠিক ছন্দে বলেই দাবি তাঁর।

সলমনের মতে, দুবাইয়ের উইকেটে বড় রান হওয়া কঠিন। তাই ১৪০ রানের লক্ষ্যও ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। বল হাতে ধারাবাহিক পারফরম্যান্সই জয়ের মূল চাবিকাঠি হবে বলে মনে করেন তিনি। পাকিস্তানের বোলারদের ফর্ম নিয়েও আশাবাদী অধিনায়ক। ফলে ভারতীয় ব্যাটসম্যানদের বিপদ যে বাড়তে চলেছে, সেই ইঙ্গিত পরিষ্কার।

তবে ইতিহাস অন্য কিছু বলছে। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ১০ উইকেটের জয়ের পর আর কখনও বড় টুর্নামেন্টে সাফল্য আসেনি পাকিস্তানের হাতে। বরং ধারাবাহিকভাবে পরাজয়ের মুখ দেখেছে তারা। ২০২২ থেকে ২০২৪—বিশ্বকাপ ও এশিয়া কাপের সব মঞ্চেই জয়ী হয়েছে ভারত। এবার তাই প্রশ্ন একটাই—সলমনের হুঁশিয়ারি বাস্তবায়িত হবে, নাকি আবারও নীল জার্সির সামনে থমকে যাবে সবুজ জার্সি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.