বলিউড সুপারস্টার সলমন খান বর্তমানে লাদাখে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ব্যাটল অফ গালওয়ান-এর শুটিংয়ে। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবির শুটিং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা ছবির শুটিং চলাকালীন এক বিশেষ মুহূর্ত ধরা পড়ল লেহ-তে। শনিবার লাদাখের রাজ নিবাসে সলমন খান সৌজন্য সাক্ষাৎ করেন লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তার সঙ্গে।
এই সাক্ষাৎকারের সময় লেফটেন্যান্ট গভর্নরের পক্ষ থেকে সলমনের হাতে তুলে দেওয়া হয় ঐতিহ্যবাহী থাঙ্কা চিত্র। বৌদ্ধ শিল্পকলার অন্যতম নিদর্শন এই চিত্রে গৌতম বুদ্ধের জীবনচর্যা ফুটিয়ে তোলা হয়েছে। উপহার হাতে, গলায় উত্তরীয় পরে হাসিমুখে সলমনকে দেখা যায় কবিন্দর গুপ্তার সঙ্গে। সেই মুহূর্তের ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির কাহিনি নির্মিত হয়েছে ২০২০ সালের জুন মাসে ভারত-চিন সংঘর্ষের প্রেক্ষাপটে। ছবিতে সলমন খান অভিনয় করছেন কর্নেল বি সন্তোষবাবুর চরিত্রে, যিনি সাহসিকতার সঙ্গে ভারতীয় সেনাকে নেতৃত্ব দিয়েছিলেন। চরিত্রটি ফুটিয়ে তুলতে সলমন দীর্ঘদিন ধরে নিজেকে প্রস্তুত করেছেন। অভিনয়ে কোনও আপস না করতে তিনি বিশেষভাবে ফিটনেসের দিকে মনোযোগ দিয়েছেন এবং লাদাখের কঠিন পরিবেশে শুটিংয়ের জন্য আলাদা প্রস্তুতিও নিয়েছেন।
সলমন খানের এই নতুন রূপ দেখতে মুখিয়ে রয়েছেন তাঁর ভক্তরা। যুদ্ধকাহিনিভিত্তিক এই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং এবং আরও অনেক শিল্পী। দর্শকদের আশা, ‘ব্যাটল অফ গালওয়ান’ হবে দেশাত্মবোধে ভরপুর এক শক্তিশালী উপস্থাপনা।







