রাজনীতিরাজ্য

সিএএ-তে আবেদনকারীদের ভোটাধিকার নিয়ে প্রশ্ন তুললেন খোদ বিজেপি বিধায়ক! দলের মধ্যেই শুরু নতুন বিতর্ক

সিএএ (Citizenship Amendment Act)–তে আবেদন করার পর ভোটাধিকার মিলবে তো? এবার এই প্রশ্নই তুললেন খোদ বিজেপির এক বিধায়ক। দলের অভ্যন্তরেই এই মন্তব্যে শুরু হয়েছে গুঞ্জন। সূত্রের খবর, গত বুধবার (১২ অক্টোবর, ২০২৫) বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে হওয়া এক গুরুত্বপূর্ণ বৈঠকে উঠে আসে এই প্রসঙ্গ।

উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক বৈঠকে সরাসরি প্রশ্ন তোলেন — “যাঁরা সিএএ-তে আবেদন করছেন, তাঁরা সবাই বিজেপির ক্যাম্পে আসছেন। কিন্তু তাঁরা ২০২৬ সালের ভোট দিতে পারবেন তো? যদি ভোটই দিতে না পারেন, তাহলে ভোটে জেতা তো দূর অস্ত, এলাকায় যাওয়াই কঠিন হয়ে পড়বে।”

বিধায়কের এই মন্তব্যে উপস্থিত নেতৃত্বের একাংশ কিছুটা অস্বস্তিতে পড়েন বলেই জানা যাচ্ছে। তবে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব দ্রুত আশ্বস্ত করেন, গোটা বিষয়টি সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্ব অবগত এবং দিল্লি থেকে এর একটি বিহিত সমাধান করা হবে।

উল্লেখ্য, এই একই প্রশ্নে আগেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিল ‘আত্মদীপ’ নামে একটি সংস্থা। তাদের দাবি ছিল — সিএএ আবেদনকারীরা অন্ততপক্ষে সিএএ রসিদের ভিত্তিতে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির সুযোগ পান। তবে হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ সেই মামলা খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ, “একযোগে সকল আবেদনকারীর ক্ষেত্রে নির্দেশ দেওয়া সম্ভব নয়; প্রতিটি আবেদন আলাদা ভাবে বিবেচনা করা যেতে পারে।”

ফলে, আদালতের পর্যবেক্ষণের পর এবার একই প্রশ্ন তুললেন বিজেপিরই এক বিধায়ক — যা শুধু রাজনৈতিকভাবে নয়, প্রশাসনিক ক্ষেত্রেও নতুন প্রশ্নের জন্ম দিয়েছে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, বিজেপির অন্দরেই এখন সিএএ কার্যকর ও ভোটাধিকার প্রসঙ্গে বিভ্রান্তি ছড়াচ্ছে। দল কীভাবে এই প্রশ্নের মোকাবিলা করে, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.