জেলা

নিষিদ্ধ কাফ সিরাপ পাচারচক্র ভাঙল দাসপুরে, পুলিশের জালে তিন যুবক

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট এলাকায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল তিন যুবক। শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। হাওড়া ও হুগলির সীমান্তবর্তী অঞ্চল থেকে বেআইনি কাফ সিরাপ পাচারের চেষ্টা চলছিল বলে আগাম খবর ছিল পুলিশের কাছে। সেই সূত্র ধরেই অভিযান চালিয়ে হাতেনাতে ধরা হয় তিন অভিযুক্তকে।

ধৃতদের নাম জয়মাল্য পাল, সৈকত মাইতি ও প্রসেনজিৎ জানা। তিনজনই দাসপুরের বাসিন্দা — যথাক্রমে সামাটবেড়িয়া, কলোড়া ও যদুপুর এলাকার। ধৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চাইপাট ও সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই সক্রিয় ছিল একটি কাফ সিরাপ পাচারচক্র। সীমান্তবর্তী অঞ্চল থেকে মাদকজাত দ্রব্য এনে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিচ্ছিল তারা। পুলিশ মনে করছে, ধৃত তিনজনের পিছনে আরও বড় একটি সংগঠিত মাফিয়া নেটওয়ার্ক কাজ করছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেই চক্রের মূল সূত্রে পৌঁছনোর চেষ্টা চলছে।

এই অভিযানে নেতৃত্ব দেন ঘাটাল মহকুমার এসডিপিও দুর্লভ সরকার। উপস্থিত ছিলেন দাসপুর থানার ওসি অঞ্জনি তিওয়ারি, দাসপুর-২ ব্লকের বিডিও প্রবীর কুমার শিট এবং বিশাল পুলিশবাহিনী।

উল্লেখ্য, সম্প্রতি রাজ্যের বিভিন্ন জেলায় কাফ সিরাপ পাচারের একের পর এক ঘটনা সামনে আসছে। কিছুদিন আগেই বালুরঘাট-শিয়ালদহ ট্রেন থেকে কয়েকশো বোতল কাফ সিরাপ উদ্ধার করে রেল পুলিশ। আবার এক চিকিৎসকের লোগো লাগানো গাড়ি থেকেও উদ্ধার হয়েছিল নিষিদ্ধ সিরাপ। ফলে পুলিশ এখন সড়ক, রেল ও সীমান্ত অঞ্চল—সব জায়গাতেই নজরদারি আরও বাড়িয়েছে।

পুলিশের বার্তা: “মাদক ও বেআইনি ওষুধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জেলাজুড়ে কঠোর নজরদারি চলছে,” জানিয়েছে দাসপুর থানা।

চলতি ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে, ধৃতদের আদালতে তোলা হবে শনিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.