সংঘর্ষবিরতির পর প্রথমবার ভারতের ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের ডিজিএমও কাসিফ আবদুল্লার মধ্যে আজ, সোমবার বিকেল ৫টায় হটলাইনে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার সম্ভাবনা। যদিও প্রথমে এই বৈঠক দুপুর ১২টায় হওয়ার কথা ছিল, পরে সময় পরিবর্তন করে বিকেলে নির্ধারণ করা হয়। বৈঠকের সময় পিছনোর কারণ এখনও অস্পষ্ট।
বৈঠকের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে দীর্ঘ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিন বাহিনীর প্রধানেরা। সূত্রের খবর, পাকিস্তানের কাছে ভারতের দাবিদাওয়া ও কৌশলগুলি এই আলোচনায় চূড়ান্ত করা হয়েছে।
ডিজিএমও পর্যায়ের আলোচনায় উঠে আসতে পারে সন্ত্রাস দমন, জঙ্গি প্রত্যর্পণ এবং পাক অধিকৃত কাশ্মীর (PoK) ফেরানোর প্রসঙ্গ। ভারত স্পষ্ট জানাতে পারে যে দেশের সীমান্তের মধ্যে সন্ত্রাসবিরোধী অভিযান চলবে এবং ইসলামাবাদ যদি সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, তবে উপযুক্ত জবাবের জন্য ভারত প্রস্তুত।
প্রধানমন্ত্রী মোদি ইতিমধ্যেই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে PoK প্রসঙ্গে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন।
বিশেষজ্ঞদের মতে, ১০ মে বিকেল ৫টা থেকে ৪৮ ঘণ্টার সংঘর্ষবিরতির মেয়াদ শেষ হচ্ছে আজ ১২ মে বিকেল ৫টায়। সেই সময়সীমা পেরোনোর পরেই এই বৈঠক আয়োজিত হচ্ছে, যা কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। বৈঠকের পর ভারতীয় সেনা সাংবাদিক সম্মেলন করতে পারে বলেও জানা গিয়েছে।







